সুন্দরবনের প্রাণীপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘সুন্দরবনের প্রাণী’। এসো তাহলে শুরু করা যাক। প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ ধ্বংস করতে নেই, ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়—বুঝিয়ে লেখো।উত্তর: বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের কোনো শেষ নেই। এ সবকিছু প্রাকৃতিক নিয়মেই ধরায় এসেছে মানুষের কল্যাণের জন্য। অথচ আমরা তা দিনে দিনে ধ্বংস করে ফেলছি।আমাদের চিরসবুজের এই বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের কোনো কমতি নেই। প্রাকৃতিক সম্পদ সব প্রাকৃতিক নিয়মেই সৃষ্টি হয়েছে। প্রকৃতির নিয়মই এ রকম। আর এ পৃথিবীতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। মানুষের প্রয়োজনেই সবকিছু সৃষ্টি হয়েছে। অথচ আমরা তা নির্বিচারে ধ্বংস করে ফেলছি। আমরা বলে যাচ্ছি, পৃথিবীর সব জীবজন্তু, গাছগাছালিই কোনো না কোনোভাবে আমাদের উপকার করে যাচ্ছে। প্রকৃতির দান এসব সম্পদকে ধ্বংস করার অধিকার আমাদের নেই। কেননা, প্রকৃতির দানকে ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়।প্রাকৃতিক নিয়মেই সব জীবজন্তু, গাছগাছালি ইত্যাদির সৃষ্টি। তাই প্রকৃতির সৃষ্ট এসব নেয়ামতকে ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই।প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লিখ।১. ক্যাঙ্গারু বলিলেই অস্ট্রেলিয়ার কথা মনে হইবে।উত্তর: ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে।২. সিংহ বলিলেই মনে হইবে আফ্রিকার কথা।উত্তর: সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা।৩. বাঘ বা টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবেই।উত্তর: বাঘ বা টাইগার শুনলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই।৪. ওলবাঘ নামেও একধরনের বাঘ এইখানে আগে দেখিতে পাওয়া যাইত।উত্তর: ওলবাঘ নামেও একধরনের বাঘ এখানে আগে দেখতে পাওয়া যেত।৫. কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হইয়া গিয়াছে।উত্তর: কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।৬. সকলে মিলিয়া ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করিয়াছে।উত্তর: সবাই মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করেছে।৭. দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি মিলিয়া যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণিকুল জীবনধারণ করিয়া থাকে।উত্তর: দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে, সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণিকুল জীবনধারণ করে থাকে।৮. আইন করিয়া বাঘ শিকার নিষিদ্ধ করা হইয়াছে।উত্তর: আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে।৯. সাধারণ মানুষকে এই কথা বুঝিতে হইবে।উত্তর: সাধারণ মানুষকে এ কথা বুঝতে হবে।