প্রাথমিক শিক্ষা সমাপনীর পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১  প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই’-এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্ব বর্ণনা করো।উত্তর: মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে।প্রশ্ন: কাদের নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল?উত্তর: সামরিক ও বেসামরিক জনগণের মিলিত অংশগ্রহণের মাধ্যমে মুক্তিবাহিনী গড়ে উঠেছিল। বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত ছিল মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী। এদের বলা হতো ‘মুক্তিফৌজ’। আর বেসামরিক সর্বস্তরের জনগণ নিয়ে গড়ে উঠেছিল অনিয়মিত বাহিনী। এ ছাড়া দেশের অভ্যন্তরে আঞ্চলিক পর্যায়ে বেশ কিছু বাহিনী গড়ে ওঠে। এর মধ্যে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে ‘কাদেরিয়া বাহিনী’ এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ‘মায়া বাহিনী’ উল্লেখযোগ্য।প্রশ্ন: মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কীভাবে অংশ নিয়েছিলেন?উত্তর: যুদ্ধের সময় এ দেশের অগণিত সাধারণ মানুষ নিজেদের জীবন বিপন্ন করে মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিলেন। থাকা, খাওয়া, তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে মুক্তিবাহিনীকে লড়াই চালিয়ে যেতে তাঁরা উদ্বুদ্ধ করেছিলেন। এসব কাজে নারীদের বিশেষ ভূমিকা ছিল। সংস্কৃতিকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীরাও সক্রিয়ভাবে এ যুদ্ধে অংশ নিয়েছিলেন।প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী কী ধরনের নির্যাতন-তাণ্ডব চালিয়েছিলেন?উত্তর: যুদ্ধের প্রথম থেকেই পাকিস্তানি বাহিনী চরম নিষ্ঠুরতার সঙ্গে বাঙালি নিধন করে। ২৫ মার্চ রাতের অন্ধকারে অতর্কিত হামলার মধ্য দিয়ে হত্যাযজ্ঞ শুরু করে। ওই দিন রাতে ঢাকাসহ সারা দেশে অগণিত নিরস্ত্র বাঙালিকে নির্বিচারে হত্যা করা হয়। পরবর্তী নয় মাস ধরে হত্যাকাণ্ডের পাশাপাশি লুটতরাজ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। তারা লাখ লাখ মানুষকে হত্যা করে সারা দেশে অগণিত স্থানকে বধ্যভূমিতে পরিণত করে। প্রশ্ন: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন?উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসররা এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক জ্ঞানী-গুণী শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিকদের ধরে নিয়ে হত্যা করে। এঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রাশীদুল হাসান, সাংবাদিক সেলিনা পারভিন, ডা. আলীম চৌধুরী, ডা. ফজলে রাব্বী, ডা. গোলাম মর্তুজা, ডা. আজহারুল হক এবং আরও অনেকে। এসব শহীদ বুদ্ধিজীবীর স্মরণে আমরা প্রতিবছর ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করি।প্রশ্ন: মুক্তিযুদ্ধের তাৎপর্য বর্ণনা করো।উত্তর: মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা পৃথিবীর বুকে আজ একটা স্বাধীন দেশের নাগরিক। আমরা পেয়েছি নিজস্ব একটা ভূ-খণ্ড, একটা নিজস্ব পতাকা। জাতি-ধর্ম-বর্ণ-নারী-পুরুষনির্বিশেষে সবাই এই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ তাই সবার। এই স্বাধীন দেশে তাই সবার রয়েছে সমান অধিকার। এ দেশটাকে সুন্দর করে গড়ার দায়িত্বও আমাদের সবার।সেই সঙ্গে মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধে বহু মানুষের আত্মত্যাগের কথা। ভুললে চলবে না সেসব লাখ লাখ মুক্তিযোদ্ধার কথা, যাঁরা জীবনপণ করে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন বা আহত হয়ে বেঁচে আছেন। সাধারণ মানুষ যাঁরা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন, তাঁদের অবদানও অনেক। মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সব সময় দেশকে ভালোবাসব।