প্রাথমিক সমাপনীতে প্রথম দিনে দেড় লাখ অনুপস্থিত
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথমদিনে আজ রোববার অনুপস্থিত ছিল প্রায় দেড় লাখ শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ লাখ ৮ হাজার ৪২১ জন ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪১ হাজার ৪৭৫ জন। এ ছাড়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাতজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
আজ সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো প্রাথমিক সমাপনী পরীক্ষার দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা ১১টায় শুরু হয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। আজ ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা।
তবে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকালে এ পরীক্ষা হবে ৩০ নভেম্বর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর প্রথম আলোকে এ তথ্য জানান। আগামীকাল প্রাথমিক শিক্ষা সমাপনীতে বাংলা পরীক্ষা হওয়ার কথা ছিল।