প্রাথমিকে বৃত্তির ফল কাল
প্রাথমিকে বৃত্তির ফল ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। বেলা দুইটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
আজ সোমবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। এবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বৃত্তির টাকার পরিমাণও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮২ হাজার ৫০০ করা হয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরা নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পাবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে বৃত্তি বণ্টন করা হলেও টাকা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর এই টাকা পায়। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেধা কোটায় (ট্যালেন্টপুল) বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এত দিন এই কোটায় বৃত্তি পেত ২২ হাজার। আর সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০। এই কোটায় এত দিন পেত ৩৩ হাজার শিক্ষার্থী।