প্রাথমিকেও সশরীর ক্লাস শুরু, প্রথম দিনে উপস্থিতি কম

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। আজ থেকে আবার স্কুলে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার পর এবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সশরীর ক্লাস শুরু হলো। প্রায় দেড় মাস বন্ধের পর আজ বুধবার প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষগুলোর বন্ধ দুয়ারও খুলে দেওয়া হয়েছে। ফলে শিশুদের পদচারণে আবারও মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়গুলো। বিদ্যালয়ে আসতে পেরে শিশুরাও খুশি। যদিও প্রথম দিনে উপস্থিতি ছিল তুলনামূলক কম।

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এর মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দিলেও প্রাথমিকের ছুটি গতকাল মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। আজ থেকে আবার স্কুলে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। তবে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধই থাকবে। আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে। সব বিদ্যালয় দুই পালায় পরিচালিত হবে। তবে শ্রেণি কার্যক্রম শুরুর আগে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন নিয়ম করে যে সমাবেশ হতো, তা আপাতত হচ্ছে না। এ ছাড়া করোনার টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক-কর্মচারী বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

খোলার প্রথম দিনে একাধিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিশুরা ক্লাসে ফিরতে পেরে খুবই খুশি। বেলা ১১টার পর রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায় বিদ্যালয়ের মাঠে এখানে-সেখানে বসে আছেন কিছু অভিভাবক। ভেতরে তখন ক্লাস চলছিল। দোতলায় গিয়ে দেখা যায় বিভিন্ন কক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষকেরা।
একটি কক্ষে গিয়ে দেখা যায় দ্বিতীয় শ্রেণির শিশুদের পড়াচ্ছিলেন সহকারী শিক্ষক রুমানা আক্তার। জানালেন, বিদ্যালয়টিতে দ্বিতীয় শ্রেণিতে মেয়েদের শাখায় মোট শিক্ষার্থী ১৪০ জনের মতো। অন্য সময়ে তাদের আলাদা আলাদা কক্ষে ভাগ করে পড়ান শিক্ষকেরা। কিন্তু আজ উপস্থিতি কম হওয়ায় একটি শ্রেণিকক্ষে পড়াচ্ছেন।
ওই সময় গুনে দেখা যায় ক্লাসে ২৬ জন ছাত্রী ছিল। শিক্ষক রুমানা আক্তার বলেন, বিদ্যালয় খোলার প্রথম দিন হওয়ায় উপস্থিতি কম।

তবে উপস্থিতি কম হলেও যারা ক্লাসে এসেছে তারা খুবই খুশি। দ্বিতীয় শ্রেণির ছাত্রী আফরাতুন লাবিবার কথায় সেটাই বোঝা গেল। সে প্রথম আলোকে বলল, অনেক দিন পর স্কুলে আসতে পেরে তার খুব ভালো লাগছে। স্কুলে এলে তার ভালো লাগে।
মুসলিমা খাতুন নামে এক অভিভাবক জানালেন তাঁর সন্তানের খুশির কথা। তিনি প্রথম আলোকে বললেন, তাঁর সন্তান এই বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। স্কুলে আসবে বলে সে আজ খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ে। স্কুল খোলায় তাঁর সন্তান খুবই আনন্দিত।
বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হলেও এখানে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। কারণ, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার লক্ষ্যে এই বিদ্যালয়টির মতো দেশের ছয় শতাধিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হয়। যদিও এখনো প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করেনি সরকার।

বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী প্রায় ২ হাজার ২০০। প্রধান শিক্ষক নূরজাহান হামিদা জানালেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশিত সময়সূচি মেনে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই পালায় তাঁরা শ্রেণি কার্যক্রম চালু করেছেন। এ ছাড়া সময় সমন্বয় করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ক্লাস নিচ্ছেন। মাধ্যমিক স্তরের এই তিন শ্রেণির ক্লাস অবশ্য গত ২২ ফেব্রুয়ারি থেকেই চলছে।

প্রধান শিক্ষক বলেন, আজ উপস্থিতি গড়ে ৪০ শতাংশের মতো। স্বাভাবিক সময়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হয়। বিদ্যালয়টির ২৩ জন শিক্ষকের সবাই করোনার টিকা গ্রহণ করেছেন।

মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল একটি শ্রেণিতে ক্লাস করছে শিশুরা। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এই শাখাটির নাম ‘নীল শাখা’। সহকারী শিক্ষক শিক্ষক সাথী রানী রায় জানালেন, সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। প্রথম শ্রেণিতে আজ মোট চারটি ক্লাস হওয়ার কথা। তখন চলছে তৃতীয় ক্লাস (থার্ড পিরিয়ড)।

তবে এই ক্লাসেও উপস্থিতি কম ছিল। এই শাখার শিক্ষার্থী ৪৪ জন। আর উপস্থিত ছিল ১২ জন। বিদ্যালয় খোলার প্রথম দিন হওয়ার কারণেই কম উপস্থিতির কারণ জানালেন শিক্ষক সাথী রানী রায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানম জানালেন, তাঁদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী প্রায় ২ হাজার ৬০০। এর মধ্যে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ১ এক হাজার ৫০১ জন। বাকিরা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি বলেন, সাধারণ সময়ে উপস্থিতি থাকে ৮০ শতাংশের মতো। তবে আজ উপস্থিতির হার গড়ে ৬০ শতাংশের মতো।