সহযোগী অধ্যাপক, সাভার কলেজ, ঢাকাসামনে তোমাদের পরীক্ষা। ভালোভাবে পড়াশোনা করো। ভালো ফলাফল করতে পারবে। গত দুই বছর যা পড়েছ, তার চূড়ান্ত পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা। মনে রাখবে, এ পরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে তোমাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ। বিশেষ করে, তোমাদের মধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে অনার্স পড়তে আগ্রহী, তাদের অবশ্যই এ বিষয়ে ভালো স্কোর করতে হবে।উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা তোমরা ভূগোল ঐচ্ছিক বিষয় হিসেবে নিয়েছ কিংবা চতুর্থ বিষয় হিসেবে নিয়েছ, তাদের প্রত্যেকের এ বিষয়টির ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। কারণ, এ বিষয়টিতে নম্বর পাওয়া খুবই সহজ এবং অল্প পরিশ্রমে খুব সহজেই ভালো নম্বর পাওয়া যায়। তবে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে উত্তর বুঝে-শুনে সুন্দর হস্তাক্ষরে লিখতে হবে। ভূগোল প্রথম পত্র হচ্ছে প্রাকৃতিক ভূগোল। এখানকার উত্তরগুলো অবশ্যই প্রয়োজনীয় চিত্রসহ উত্তর করতে হবে। মনে রাখবে, প্রশ্ন পছন্দ করার সময় অবশ্যই চিত্র বেশি দেওয়া যেতে পারে এমন সব প্রশ্নের উত্তর লিখতে চেষ্টা করবে। তাহলে দেখবে, তুমি অবশ্যই অনেক বেশি নম্বর পেয়ে যাবে। তোমাদের উচিত হবে, প্রশ্নে যা চাওয়া হয়েছে, সেভাবে উত্তর লিখবে। প্রয়োজনীয় চিত্র-মানচিত্র দেবে। সম্ভব হলে বিভিন্ন রং ব্যবহার করতে পারো। ভূগোল দ্বিতীয় পত্র প্রথম পত্রের তুলনায় একটু বেশি বর্ণনামূলক। সুতরাং এখানে পূর্ণ নম্বর পাওয়া একটু কষ্টকর। তবে অবশ্যই প্রয়োজনীয় মানচিত্র এবং লেখচিত্র তুমি সংযোজন করলে পূর্ণ নম্বর অনেক প্রশ্নে পেয়েও যেতে পারো। প্রতি উপাত্ত ব্যবহার করার সময় করণীয়র নিচে উৎস লিখবে। ইন্টারনেট কিংবা সর্বশেষ সংস্করণ থেকে পাওয়া আপডেটের উপাত্ত ব্যবহার করার চেষ্টা করবে। সম্ভব হলে প্রতিটি উত্তরের পেছনে তথ্যসূত্র ব্যবহার করতে পারো। প্রতিটি মানচিত্রে প্রশ্নের উত্তরে যা চাওয়া হয়েছে, সেসব স্থান বিভিন্ন রং অথবা চিত্র দিয়ে বুঝিয়ে দেবে। ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। সব সময় সর্বশেষ পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে এ বিষয়টি তার পথ চলে। তাই তোমরা নোট তৈরির সময় খেয়াল রাখবে যেন, সর্বশেষ পাওয়া তথ্য-উপাত্ত তোমাদের তৈরি হ্যান্ডনোটে থাকে।শিক্ষার্থীরা, ভূগোল বিষয়টি খুবই সৌন্দর্যপ্রিয় একটি শৈল্পিক বিষয়। এর প্রতিটি পরতে পরতে একটা শৈল্পিক মান বজায় রাখা তোমাদের উচিত, অর্থাৎ সুন্দর হাতের লেখা। বিভিন্ন কালার পেনসিলে আন্ডার লাইন করা, প্রয়োজনে মার্কার ব্যবহার, চিত্র-মানচিত্রগুলো পেনসিল দিয়ে ভালোভাবে এঁকে তার ওপর রং করা, লেখচিত্রগুলোতে প্রয়োজনে রং ব্যবহার করা—এসবই তোমার শৈল্পিক রুচির পরিচায়ক এবং বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। তোমরা এ দিনটির প্রতি খেয়াল রেখে প্রতিটি উত্তর লিখতে চেষ্টা করবে এবং পুরো খাতাটি যেন হয় পরিষ্কার-পরিচ্ছন্ন, কাটাকাটিমুক্ত। প্রশ্নের নম্বর ঠিকভাবে লিখবে। প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো তোমার কমন পড়েছে, সেগুলো দ্রুত লিখে ফেলবে। তারপর রচনামূলক প্রশ্নগুলো লিখবে।