
মানসম্পন্ন শিক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশের কারণে পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এখন পরিচিতি পেয়েছে। দেশের নানা অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি এখানে এখন পড়তে আসছেন বিদেশি শিক্ষার্থীরাও। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে শতাধিক বিদেশি শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে মূলত সোমালিয়া, কেনিয়া ও নাইজেরিয়ার শিক্ষার্থীই বেশি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদেশি শিক্ষার্থীদের পড়তে আসার অন্যতম কারণ এই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ও তুলনামূলক কম টিউশন ফি। এ কারণে প্রতিষ্ঠার চার বছরের মাথায় পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠেছে।
জানা গেছে, ২০১৩ সালের ১৭ মে ছয়টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়। তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৬৯ জন। এ ছাড়া ছয়জন পূর্ণকালীন ও ১০ জন খণ্ডকালীন শিক্ষক ছিলেন। আর বর্তমানে চারটি অনুষদের অধীনে ১০টি বিভাগে ১০৬ জন পূর্ণকালীন ও ৫০ জন খণ্ডকালীন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫০ জন।
আফ্রিকার সোমালিয়া থেকে পড়তে আসা শিক্ষার্থী আব্দির রহমান, আদম ইব্রাহিম ও আব্দুল মুহসিন আদানের সঙ্গে আলাপ হয়। তাঁরা জানান, ওয়েবসাইটে এবং দেশের পরিচিতজনের পরামর্শ নিয়েই তাঁরা পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছেন। গৃহযুদ্ধে বিপর্যস্ত সোমালিয়াকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য তাঁরা প্রকৌশল শিক্ষা বেছে নিয়েছেন।
পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির কারণ জানতে চাইলে সোমালিয়ার শিক্ষার্থী আব্দুল মুহসিন আদান বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কম। তা ছাড়া এ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান ভালো বলে উল্লেখ করেন তিনি।
এ দেশে আসার পর শুরুর দিকে খাপ খাইয়ে নিতে সমস্যা হলেও এখন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন আদান।
গত চার বছরে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় অনেক এগিয়েছে। চালু হয়েছে ‘সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন’ ও ‘ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি’ বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান বলেন, ‘এখানে আধুনিক পরিবেশ, ভালো শিক্ষক, গবেষণাগার, পাঠাগার সবই আছে। ফলে আমরা মানসম্পন্ন শিক্ষা দিতে পারছি। এ কারণে এখানে বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়তে আসছে। বর্তমানে ব্যবসায় শিক্ষা, প্রকৌশল বিদ্যা ও কম্পিউটার সায়েন্সে এখন শখানেক বিদেশি শিক্ষার্থী পড়ছে।