জীববিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ, ঢাকা এইচএসসি পরীক্ষার্থী, এত দিনে তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই শেষ পর্যায়ে। এ মুহূর্তে তোমাদের জন্য কয়েকটি প্রয়োজনীয় পরামর্শ দেব।শুধু জীববিজ্ঞানের (প্রথম পত্র ও দ্বিতীয় পত্র) ক্ষেত্রে প্রশ্নপত্রের ওপর লেখা থাকবে—‘একটি প্রশ্নের সবগুলো অংশের উত্তর শেষ করে অপর প্রশ্নের উত্তর দিতে হবে।’ এর অর্থ হচ্ছে, যেকোনো একটি প্রশ্নের সব অংশের উত্তর আগে শেষ করে নেবে, তারপর নতুন প্রশ্নে হাত দেবে। মনে করো, একটি প্রশ্নের তিনটি অংশ আছে—(ক), (খ) ও (গ)। তুমি প্রথমে (ক) ও (গ) অংশের উত্তর দিয়ে অন্য প্রশ্নে চলে গেলে। তারপর শেষ দিকে (খ) অংশ দিলে। এ ক্ষেত্রে (খ) অংশের উত্তরে তোমাকে কোনো নম্বরই দেওয়া হবে না।বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবছর আমরা দেখতে পাই, এ ধরনের ভুলের জন্য অনেক ছাত্রছাত্রীর নম্বর ২০ থেকে ২৫ কমে যায়। ফলে তার এ+ হাতছাড়া হয়ে যায়। জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রের নিয়মও একই ধরনের।জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় উভয় পত্রেই দুধরনের প্রশ্ন থাকে—বর্ণনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নে একাধিক অংশ (সাধারণত তিনটি) থাকে। এ অংশগুলো কিন্তু একই অধ্যায় থেকে থাকবে না। প্রথম অধ্যায়ের অংশের সঙ্গে চতুর্থ অথবা শেষ অধ্যায়ের বিষয়বস্তু সংযোজিত হতে পারে। তাই কোনো অধ্যায়ই একেবারে বাদ দেবে না। প্রশ্নের উত্তর লেখার সময় মেইন পয়েন্টগুলো আন্ডারলাইন করে দিলে ভালো হয়। এতে পরীক্ষক খুব সহজেই তোমার উত্তর খুঁজে পাবেন।কিছু অধ্যায় আছে, যেখান থেকে উত্তর করলে শতভাগ নম্বরই পাওয়া যায়। যেমন, উদ্ভিদ ও প্রাণিজগতের শ্রেণীবিন্যাস, কোষ-বিভাজন, কোষস্থ জৈব-রসায়ন, জিনতত্ত্ব, বায়োটেকনোলজি এবং উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া। চেষ্টা করবে এসব অধ্যায় থেকে উত্তর দিতে এবং সম্ভব হলে প্রথমেই এ কাজটি করে ফেলবে। এতে তোমার প্রতি ভালো ইমপ্রেশন হবে। জিনতত্ত্বের ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথম পত্রে উদ্ভিদ দিয়ে এবং দ্বিতীয় পত্রে প্রাণীর মাধ্যমে উদাহরণ দিতে হবে।উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে ছকের মাধ্যমে প্রাকৃতিক অথবা আধুনিক শ্রেণীবিন্যাস দেখাতে বলা হয়। এ ক্ষেত্রে ছকের মধ্যেই প্রতিটি গ্রুপের প্রধান তিনটি বৈশিষ্ট্য ও একটি করে উদাহরণ দিতে হবে। উদাহরণে অবশ্যই বৈজ্ঞানিক নাম দিতে হবে এবং দুটি অংশের নিচে আলাদাভাবে দুটো দাগ দিতে হবে। যেমন, Mangifera indica (আম)।তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ, চারটি অধ্যায় উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান উভয় বিষয়ের মধ্যেই রয়েছে। এগুলো হচ্ছে—কোষ, জিনতত্ত্ব, বায়োটেকনোলজি ও ইকোলজি। এসব অধ্যায়ের খুঁটিনাটি সবই পড়বে, কারণ একবার প্রস্তুতি নিয়ে উভয় পত্রেরই উত্তর দেওয়া যাবে। অর্থাত্ এক ঢিলে দুই পাখি মারা।কোষ বিভাজনের মায়োসিস-১-এর প্রোফেজের ধাপগুলো আঁকতে গিয়ে ক্রসিং-ওভার বিষয়টি পরিষ্কারভাবে দেখাতে হবে। এ ক্ষেত্রে হোমোলগাস ক্রোমোসোমগুলো এমনভাবে আঁকবে, যাতে তাদের খুব সহজেই পৃথক করা যায়। মাইটোসিস ও মায়োসিস উভয় কোষ বিভাজনের ক্ষেত্রে বিজোড়সংখ্যক ক্রোমোসোম দেখানো যাবে না। সবচেয়ে ভালো হয়, চারটি করে ক্রোমোসোম দেখালে।যেকোনো উদ্ভিদ বা প্রাণীর শ্রেণীবিন্যাস লেখার সময় প্রতিটি ধাপ ইংরেজিতে লিখতে হবে এবং গণ-এর নীচে একটি দাগ এবং প্রজাতি অংশের নিচে দুটি দাগ দিতে হবে।জীববিজ্ঞানের উভয় পত্রে পার্থক্য বা বৈশিষ্ট্য লেখার সময় যত নম্বর থাকবে, তার থেকে একটি পয়েন্ট বেশি লিখতে হবে। যেমন, ডিএনএ ও আরএনএ-এর মধ্যে পার্থক্য চেয়ে পাঁচ নম্বর দেওয়া হলো। এ ক্ষেত্রে ছয়টি পার্থক্য লিখতে হবে। পার্থক্যের ক্ষেত্রে সম্ভব হলে ছবি দেবে।এবার ছবি আঁকার ব্যাপারে বলছি। পরীক্ষার খাতায় রঙিন ছবি না দেওয়াই ভালো, কারণ এতে প্রচুর সময় লাগে। তা ছাড়া ভুলত্রুটি থাকলে সেগুলো খুব সহজেই পরীক্ষকের চোখে লেগে যায়। ছবি খাতার মাঝখানে না এঁকে একটু বাঁ-দিকে আঁকতে হবে। কারণ লেবেলিং অবশ্যই ডান দিকে করতে হবে। এমনভাবে লেবেলিং করবে, যাতে দাগগুলো ছবির বিভিন্ন অংশের ওপর দিয়ে না যায়। আরেকটি বিষয় নজরে আনবে, সেটি হচ্ছে, লেবেলিংয়ের দাগগুলো ডান দিকে একই স্থানে গিয়ে যেন শেষ হয়।প্রয়োজনে স্কেলের সাহায্যে হালকা করে পেনসিল দিয়ে দাগ দিতে পারো। পরে রাবার দিয়ে দাগটি মুছে ফেলো। লেবেলিং করার পর প্রতিটি ছবির নিচে ক্যাপশন লিখতে হবে। ছবি আঁকার সময় এইচবি পেনসিল ব্যবহার করবে।