পড়ায় মনঃসংযোগ বাড়াবে কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, কোনো বিষয় অধ্যয়ন করতে গিয়ে তোমাদের যে সমস্যায় পড়তে হয়, তার মধ্যে একটি হলো মনঃসংযোগে দৃঢ়তার অভাব। এ কারণে কোনো বিষয় পড়ে শেষ করার পর দেখা যায় এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি ভুলে গেছ। মোটামুটিভাবে বলতে গেলে, পঠিত বিষয়ের শতকরা ৩০ ভাগের বেশি তথ্য অনেকের পক্ষেই মনে রাখা সম্ভব হয় না। বিষয়বস্তু নিরস, একঘেয়ে কিংবা দুর্বোধ্য হওয়া এর কয়েকটি কারণ। তবে প্রধান কারণ মনঃসংযোগে আংশিক ব্যর্থতা। কিন্তু প্রয়োজনীয়তার প্রশ্ন যখন আসে, তখন নিরস হলেও তোমাকে তা পড়তে হবে। প্রেক্ষাগৃহে কিংবা ঘরে বসে সিডিতে কোনো ছবি দেখলে তোমাদের মধ্যে অনেকেই পরে ছবির কাহিনি হুবহু বলে দিতে পারবে। কিন্তু কোনো বিষয় পড়ার পর আমরা এত দ্রুত তা ভুলে যাই কেন? এখানেও ঘুরেফিরে সেই মনঃসংযোগের কথাটিই আসে। কোনো চিত্তাকর্ষক ছবি আমরা পূর্ণ মনোযোগ সহকারে দেখি। কিন্তু নিজের ক্লাসের পড়া তৈরি করার সময় ঠিক অতটা মনোনিবেশ অনেক ক্ষেত্রেই করা হয়ে ওঠে না। এ জন্য পড়ার অব্যবহিত পরে আমরা অনেক কিছুই ভুলে যাই। কাজেই পড়াশোনার ব্যাপারে বাড়াতে হবে অভিনিবেশ বা মনোযোগ। কোনো বিষয় ভাসাভাসা পড়ে গেলে পর মুহূর্তেই তা ভুলে যাওয়ার সম্ভবনা থাকবে। এ জন্য মন দিয়ে পড়ার জন্য একটা পাঠবান্ধব আবহ সৃষ্টি করাও দরকার। নিচের বিষয়গুলো মেনে চললে পাঠে তোমাদের মনোযোগ বাড়বে বলে মনে করি।বেছে নাও নির্জন শান্ত স্থান: মনোযোগ বাধাগ্রস্ত হবে এমন স্থান এড়িয়ে একটু নিরিবিলি স্থান অধ্যয়নের জন্য বেছে নাও। শুধু তোমার পড়াশোনার জন্য একচিলতে স্থান নির্বাচন করো, যেখানে তুমি পূর্ণ অভিনিবেশ সহকারে অধ্যয়ন করতে পারবে। ছক বা স্টাডি সিডিউল: পড়াশোনার জন্য একটা ছক বা স্টাডি সিডিউল যদি তৈরি করে নিতে পারো তাহলে ভালো হয়। এতে করে ফলপ্রসু অধ্যয়নের একটা মৌলিক কাঠামো গড়ে ওঠবে। একটা সুনির্দিষ্ট ছক অনুযায়ী পড়াশোনা করলে তোমার সময়েরও সাশ্রয় হবে, পাঠাভ্যাসে শৃঙ্খলা ফিরে আসবে। কোন কাজটা তুমি আগে করতে চাও এবং কখন তা করতে চাও, গুরুত্ব অনুযায়ী তার একটা ছক তৈরি করে ফেল।সবচেয়ে ভালো সময়: যে সময়টাতে পড়াশোনা সবচেয়ে ভালো হবে বলে তুমি মনে করো, সে সময়টাই বেছে নাও। এ ক্ষেত্রে তোমার বন্ধুদের টাইম অনুসরণ করার প্রয়োজন নেই। কারও সকালে, কারও বা গভীর রাতে পড়তে ভালো লাগে। কাজেই অন্যকে ফলো করার কী দরকার? তোমার পড়ার জন্য সুবিধাজনক সময়টা তোমাকেই বেছে নিতে হবে। আর কখন তুমি যথেষ্ট ভালোভাবে অধ্যয়ন করতে পারবে, সেটা তো তোমারই জানা।ক্লান্তি এবং ক্ষুধা দূর করো: ক্লান্তি অথবা ক্ষুধা নিয়ে পড়বে না। ক্লান্ত হলে একটু জিরিয়ে নাও। আর ক্ষুধার্ত হলে হালকা কিছু খেয়ে নিতে পারো। তা না হলে মনঃসংযোগের জন্য যথেষ্ট এনার্জি পাবে না তুমি। একটু জিরিয়ে নিলে কিংবা যৎসামান্য কিছু খেয়ে নিলে পুনরায় এনার্জিতে ভরপুর হবে তুমি। কোমল পানীয় এবং ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলবে। মওসুমি ফল সম্ভব হলে পর্যাপ্ত পরিমাণে খাবে।ভাগ করে নাও কাজ: দুটি কাজ তাড়াহুড়ো করে একবারে করতে যেয়ো না। এমনটা করলে কোনো কাজের প্রতিই পুরো মনোযোগ দিতে পারবে না। মনঃসংযোগের অর্থই হচ্ছে যেকোনো একটি বিষয়ের ওপর পুরো দৃষ্টি দেওয়া। একাধিক বিষয় একবারে হাতে নিলে কোনোটিই ভালোভাবে সম্পন্ন করা যাবে না। অতএব যেকোনো একটি বিষয় বেছে নাও। কাজটি করা হলে আরেকটি কাজ হাতে নিতে পারো।খণ্ডিত করো: বড় ধরনের পাঠক্রমকে ছোট ছোট অংশে ভাগ করে নাও। যেটুকু তুমি একবারে সম্পন্ন করতে পারবে বলে মনে করো, সেটুকুই পড়তে থাকো। একবারে অধিক কাজে হাত দিলে তুমি সাহস হারাতে পারো। এ অবস্থায় মন ঠিক রাখা দুরূহ হয়ে পড়বে। পড়াশোনাকে কখনো পর্বত সদৃশ বিশাল মনে করবে না। আত্মবিশ্বাস রাখবে যে তোমার জন্য কোনো কাজই অতি কঠিন বা অসম্ভব নয়। আত্মবিশ্বাস তোমাকে অনেক এগিয়ে নেবে।রিল্যাক্স করো: মানসিক চাপ থাকলে তোমার পক্ষে পড়ায় পরিপূর্ণ মনঃসংযোগ করা কঠিন হবে। গভীর মনোযোগের প্রয়োজন আছে এমন কাজে রিলাক্সি মুড বা আয়েশী মনোভাব নেওয়াটা বেখাপ্পা মনে হতে পারে। কিন্তু এরও দরকার আছে। মেডিটেশন করে অনেক শিক্ষার্থীই উপকার পেয়েছে।দূর করো দুশ্চিন্তা: দুশ্চিন্তা থাকলে মনঃসংযোগ করা কঠিন, এমনকি কখনো কখনো অসম্ভব হয়ে পড়ে। অস্থিরতা কোনো কাজের জন্যই সহায়ক নয়। পড়াশোনার জন্য তো নয়-ই। মানসিক স্থিরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমার মনের দুশ্চিন্তা তোমার পড়াশোনাকেই ব্যাহত করবে। দুশ্চিন্তার কারণ আগে দূর করার চেষ্টা করো। দিবাস্বপ্ন দেখার কোনো সুযোগ নেই তোমার। মনে রাখবে, বাস্তবতাবিবর্জিত দিবাস্বপ্ন কোনো কাজেই আসে না।আগ্রহ গড়ে তোলো: যে বিষয়ই পড় না কেন, তার প্রতি একটা প্রকৃত আগ্রহ গড়ে তোলো। অধীত বিষয় তুমি কতটা আত্মস্থ করতে পারলে, সেটা নিজে নিজে চিন্তা করে দেখো। এভাবে তোমার সীমাবদ্ধতা ধরা পড়বে এবং তুমি অজানা বিষয়গুলো আয়ত্ত করার জন্য আগ্রহী হতে পারবে। এভাবে মনঃসংযোগেও উদ্বুদ্ধ হবে তুমি।বিশ্রাম নাও: ক্লান্তি আসলে বিশ্রাম নাও। ঠিক কখন বিশ্রাম নেবে, তার জন্য কোনো সময় বেঁধে দেওয়া যাবে না। বিশ্রাম কখন নিতে হবে, তুমি নিজেই তা বুঝতে পারবে।