
ছয় চেয়ারের গোলটেবিল। ছয়টিই পূর্ণ। কেউ ডুবে আছেন বিজ্ঞানের বইয়ে। আবার কেউ মজেছেন দেশি ম্যাগাজিনে। ফাঁকে চলছে টুকটাক আলোচনা। পরক্ষণে আবার বইয়ে ডুব।
এ চিত্র চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) পাঠাগারের। গত রোববার সকাল সাড়ে ১০টায় গেলে এই চিত্র দেখা যায়। শুধুই কি গোলটেবিল, বেলা বাড়ার সঙ্গে ভরে ওঠে দু-তিনজনের ছোট টেবিলগুলোও। শিক্ষার্থীদের অনেকে এসেছেন দল বেঁধে, কেউ একা।
শুধু সিআইইউ পাঠাগার নয়, নগরের জামালখান এলাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও দুটি বইয়ের ভান্ডার—আমেরিকা কর্নার ও ব্রিটিশ কাউন্সিল পাঠাগার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়া অন্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ যেকোনো পেশার লোকজন এই দুটি পাঠাগার ব্যবহারের সুযোগ পান। জ্ঞান অর্জন ও চর্চায় আগ্রহীদের ভিড় থাকে সিআইইউয়ের তিন পাঠাগারে।
নিজস্ব বইয়ের বড় ভান্ডার
এই পাঠাগারে ভাষা, সাহিত্য, আইন, বিপণন, ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, অর্থনীতি, ইতিহাস, প্রকৌশল ও বিজ্ঞানবিষয়ক সাড়ে আট হাজারের বেশি বই আছে। রয়েছে বিভিন্ন প্রকারের অভিধান, ১ হাজার ১৫০টি অডিও-ভিজ্যুয়াল উপকরণ, ৩০০ জার্নাল এবং অসংখ্য গবেষণা প্রতিবেদন। এ ছাড়া নেট ব্রাউজিংয়ের সুবিধাও রয়েছে। স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে গণিত কর্নার, যা দেশের বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতজ্ঞের প্রকাশিত প্রায় ১৭৮টি বইয়ে সমৃদ্ধ।
বিশ্বের বিভিন্ন বিখ্যাত ই-জার্নাল যেমন হিনারি, অক্সফোর্ড, প্রো কোয়েস্ট, স্প্রিংগার, ইউনিভার্সিটি প্রেস, ইমারাল্ড, এসইএম, আইইইই, জেস্টরের সঙ্গে সংযোগ রয়েছে এই পাঠাগারের। বিশ্ববিদ্যালয় ভবন ২-এর পঞ্চম তলায় ৭ হাজার ৬৬৭ বর্গফুট আয়তনের পাঠাগারে রয়েছে একসঙ্গে তিন শতাধিক পাঠকের পড়ার ব্যবস্থা।
জ্যেষ্ঠ গ্রন্থাগার কর্মকর্তা মোহাম্মদ রাশেদুর রহমান প্রথম আলোকে বলেন, এই পাঠাগারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা অনেকভাবে উপকৃত হন। তাঁদের জন্য সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা রয়েছে। অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ফটোকপি বই নেই। সব বই মূলকপি।
কথা হয় পাঠাগারে আসা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সামরিনা আলম, প্রথম বর্ষের নেওয়ার মোরশেদ চৌধুরী, সরওয়ার জাহান ও আয়েশা মমতাজের সঙ্গে। তাঁরা জানান, পাঠাগারের পড়ার পরিবেশটাই অন্য রকম। এর কর্মকর্তা-কর্মচারীরা খুবই আন্তরিক। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এখান থেকে যেকোনো বই বাসায় নিয়ে যাওয়া যায়।
আমেরিকান বইয়ের রাজ্য
মার্কিন দূতাবাসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয় এই কর্নার। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সপ্তম তলায় অবস্থান পাঠাগারটির। ১ হাজার ৮০০ বর্গফুট আয়তনের পাঠাগারে রয়েছে বিভিন্ন রেফারেন্স বই, পত্রিকা, ম্যাগাজিন ও জার্নালের সংগ্রহ। আমেরিকার ইতিহাস, সংস্কৃতি, সমাজ, ইতিহাস, শিল্পকলা, সরকার, রাজনীতি, শিক্ষা ও বাণিজ্যিক সুবিধার বিষয়গুলো চট্টগ্রামের অধিবাসীদের অবগত করার জন্য এই কর্নার প্রতিষ্ঠিত হয়।
এখানে নিয়মিত পাওয়া যায় আর্ট ইন আমেরিকা, ন্যাশনাল জিওগ্রাফিক, রিডার্স ডাইজেস্ট, টাইম, নিউজউইকসহ বিভিন্ন পত্রিকা ও তথ্যসংবলিত ডাইরেক্টরি, বার্ষিক প্রকাশনা, টোফেল, জিআরই ও সেটসংক্রান্ত বিভিন্ন বই। কর্নারটির সংগ্রহে রয়েছে তথ্যসমৃদ্ধ বিভিন্ন সিডি ও ডিভিডি ফিল্ম। সিডি সংগ্রহের মধ্যে রয়েছে এনকার্টা এনসাইক্লোপিডিয়া, মাল্টিমিডিয়া অব ইউএস হিস্ট্রি, এনসাইক্লোপিডিয়া আমেরিকানা, ফ্ল্যাশব্যাক এটলাস, ন্যাশনাল গ্যালারি অব আর্ট, লাইফ ইন পাইওনিয়ার আমেরিকা ও জ্যাজ গ্রেটস প্রভৃতি।
কর্নারের ব্যবস্থাপক রুমা দাশ জানান, বিভিন্ন সুযোগ-সুবিধা ছাড়াও এই কর্নারে আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের বিভিন্ন তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য রয়েছে হেল্প ডেস্ক।
আছে ব্রিটিশ কাউন্সিলের পাঠাগারও
চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভবন-২–এর ষষ্ঠ তলায় অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের পাঠাগার। ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই পাঠাগারে রয়েছে ইংরেজি ভাষা, সাহিত্য, শিল্পকলা ও ব্যবস্থাপনা–সংক্রান্ত সাড়ে ৭ হাজারের বেশি বই। এ ছাড়া রয়েছে ফ্যাশন, প্রযুক্তি, ভ্রমণ, রান্না ও জীবনমান নিয়ে বিভিন্ন ম্যাগাজিনও। আছে ইলেকট্রনিক বা ই-লাইব্রেরির ব্যবস্থা, যেখানে প্রায় ৮৫ হাজার বই ও ম্যাগাজিন পড়তে পারবেন আগ্রহীরা। ১৪ হাজার ই-জার্নালের সঙ্গে সংযোগ এবং ডিভিডি মুভির সংগ্রহশালা।
এখানে শিশুদের জন্য কিডস কর্নার নামে একটি বিশেষায়িত কর্নার রয়েছে, যেখানে শিশুদের উপযোগী বিভিন্ন গল্পের ও ফিকশনধর্মী বই পাওয়া যায়। চার বছর বয়সী শিশু থেকে শুরু করে যেকোনো পেশার লোক এই পাঠাগারের সদস্য হতে পারে বলে জানান পাঠাগারের সমন্বয়ক মাসুদুল আলম।
এই তিনটি পাঠাগার ছাড়াও চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, উন্নয়ন পরিক্রমা এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে গবেষণার লক্ষ্যে সিআইইউতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে ‘চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ’ বা সিকাস। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিষ্ঠানটিতে স্থাপন করা হয় অত্যাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত গবেষণা গ্রন্থাগার ও আর্কাইভ।