ফলে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা

এ বছর আট শিক্ষা বোর্ড মিলিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে তারা মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ে এগিয়ে আছে। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর ৯৬ দশমিক ৩৫ শতাংশই পাস করেছে।
আট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৬৮৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ লাখ ২১ হাজার ২১৪ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৯ হাজার ৪৯৫ জন। মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল ৪ লাখ ২৯ হাজার ৩০২ জন, পাস করেছে ৩ লাখ ৪০ হাজার ৫৩৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৫৮ হাজার ১৬৭ জন, পাস করেছে ৩ লাখ ১১ হাজার ৩৭১ জন।
এই হিসাবে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৩৫ শতাংশ। আর মানবিক বিভাগে পাসের হার ৭৯ দশমিক ৩২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৮৬ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। মোট ৯৩ হাজার ৬৩১টি জিপিএ-৫ এর ৮৬ হাজার ২৭৫টি জিপিএ-৫ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের ৬ হাজার ১৪৯ শিক্ষার্থী এবং মানবিক বিভাগের ১ হাজার ২০৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।