ফেল থেকে একেবারে জিপিএ-৫

সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন দুই বন্ধুফাইল ছবি।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে ২৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আগে ঘোষিত ফলাফলে ফেল করা এক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর একেবারে সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ পেয়েছেন।

আজ রোববার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এর আগে পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৫৯ হাজার ২৩৩ শিক্ষার্থী।

পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী তাঁর কাঙ্ক্ষিত ফল প্রকাশিত না হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। যাঁরা আবেদন করেন, তাঁদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়, যেখানে মূলত নম্বরের যোগ-বিয়োগের মতো কিছু ভুলত্রুটি আছে কি না তা পুনর্নিরীক্ষণ করা হয়। এখানে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, এ বছর মোট আবেদনকারী ছিলেন ৯ হাজার ৪৮৫ জন। ২১ হাজার ৭২টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ১৫৮ জনের। ফেল থেকে পাস করেছেন ৩১ জন। নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৭ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন পরীক্ষার্থী।

করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন অপেক্ষার পর গত ডিসেম্বরে কম বিষয়ে, কম নম্বরে অনুষ্ঠিত হয়েছিল গত বছরের এইচএসসি পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ১৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে পাস করেন ১০ লাখ ৬৬ হাজার ২৪২ জন। গড় পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন। পুনর্নিরীক্ষণের পর এখন সংখ্যাটি আরও বাড়ল।

আরও পড়ুন