বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৪৯ জন শিক্ষার্থী লড়বেন।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ এস এম আ. হক জানান, ক, খ ও গ ইউনিটের অধীনে পাঁচটি বিভাগে ৩০টি করে মোট ১৫০টি আসন রয়েছে। এ ছাড়া সংরক্ষিত (মুক্তিযোদ্ধা কোটায়) আরও দুটি করে ১০টি আসন রয়েছে। মোট ১৬০টি আসনের বিপরীতে সাত হাজার ৩৬৭ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।গত ২০ আগস্ট রাত ১২টার পর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোবাইল ফোন টেলিটকের মাধ্যমে শিক্ষার্থীরা এ আবেদন করেন। এর মধ্যে ‘ক’ ইউনিটে তিন হাজার ১৭৯ জন, ‘খ’ ইউনিটে এক হাজার ৬০৪ জন এবং ‘গ’ ইউনিটে দুই হাজার ৫৮৯ শিক্ষার্থী আবেদন করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটের অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস এবং গণিত বিভাগ রয়েছে। ‘খ’ ইউনিটের অধীনে ইংরেজি বিভাগ এবং ‘গ’ ইউনিটের অধীনে ব্যবস্থাপনা বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে এ বছরই প্রথম শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এবং সীতা নাথ মথুরা নাথ সরকারি উচ্চবিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানান।ভর্তি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র, ছবিযুক্ত মূল নিবন্ধনপত্র ও নিবন্ধনপত্রের একটি করে ফটোকপি এবং সদ্য তোলা সত্যায়িত দুই কপি পাসপোর্ট সাইজের ছবির পেছনে নিজের রোল নম্বর লিখে সঙ্গে আনতে হবে।