বড় হওয়ার প্রথম বড় সোপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদা কে. চৌধূরী
রাশেদা কে. চৌধূরী

প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় আমরা তোমাদের মতো ভাগ্যবান ছিলাম না। বাবার হাত ধরে গিয়ে স্কুলে ভর্তি হয়েছি। তার পর থেকে শুধুই ক্লাসের পড়া আর ষাণ্মাষিক ও বার্ষিক পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ কিছুতে অংশ নেওয়ার সুযোগ আমাদের ছিল না। সারা দেশ তাকিয়ে থাকে আমাদের ছোটমণিরা কেমন পরীক্ষা দিচ্ছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না ইত্যাদি ইত্যাদি। অসংখ্য টেলিভিশন ক্যামেরা, সাংবাদিক বন্ধুরা ঘুরেফিরে ছবি তোলেন, খবর জোগাড় করেন—কত উত্সাহ, সাজসাজ ভাব!! সত্যিই তোমরা ভাগ্যবান।
গত পাঁচ বছরে কী শিখেছ এই সমাপনী পরীক্ষা শুধু তার মূল্যায়নই নয়, পাঠ্যবিষয়গুলো কতটুকু বুঝেছ, জ্ঞানের সম্ভার কতখানি মনের মধ্যে ধারণ করেছ—সেগুলোও তোমরা নিশ্চয়ই বুঝতে পারো।
পাঠ্যবই ভালো করে পড়ে, অনুশীলনীগুলো বারবার চেষ্টা করে যদি ঠিকমতো বুঝে নিতে পারো, তাহলে তোমাদের ভালো ফল না করার কোনো কারণ নেই।
আজকাল অনেক সময় তোমরা বানানের দিকে মনোযোগী হও না, শিক্ষকেরাও এটিকে তেমন গুরুত্ব দেন না। কিন্তু ভবিষ্যতে যেকোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হলে শুদ্ধ বানান চর্চা করার কোনো বিকল্প নেই। স্পষ্ট ও সুন্দর হাতের লেখা, সঠিক বানান ও সঠিক উত্তর যেকোনো পরীক্ষকের মন জয় করতে যথেষ্ট।
তবে সমাপনী পরীক্ষায় খুব ভালো ফল করা বা জিপিএ-৫ পাওয়াটাই বড় কথা নয়। বড় হয়ে একজন ভালো মানুষ হতে হলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে আরও কিছু গুণ অর্জন করতে হবে। মা-বাবা, শিক্ষক ও বড়দের সম্মান করা, সময়মতো পাঠ শেষ করা, খেলাধুলা করা, হাসিখুশি থাকা, বিনয়ী হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা—এগুলোও প্রয়োজন। পাঠ্যবইয়ে অনেক বড় মাপের মহত্ মানুষের জীবনী দেওয়া থাকে। তাঁদের মতো বড় হওয়ার স্বপ্ন তো দেখাই যায়। তোমাদের জন্য বাবা-মা কত কষ্ট করেন, শিক্ষকেরা কত চিন্তায় থাকেন, সমাজ ও দেশ তোমাদের নিয়ে কত আশা করে। তোমরা অবশ্যই সাহস নিয়ে পরীক্ষা দেবে, মন খারাপ করবে না এবং আরও ভালো করার স্বপ্ন দেখবে। বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের স্বপ্ন ছিল সর্বোচ্চ পর্বতশৃঙ্গে ওঠার—তোমরাও নিশ্চয়ই তোমাদের স্বপ্নের চূড়ায় পৌঁছাবে একদিন, আমরা সেই কামনা করি।
রাশেদা কে. চৌধূরী: নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান