
বর্ণিল সব অভিজ্ঞতা আর আজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি নিয়ে ফিরে এলাম সিটি অব নবাবখ্যাত ভারতের লেক্ষ্ণৗ থেকে। ভারত ভ্রমণের এই সুবর্ণ সুযোগ আমরা পেয়েছিলাম ‘সাউথ এশিয়ান ইউনিভার্সিটিস ইয়ুথ ফেস্টিভ্যাল (সাফফেস্ট)-২০১৬’তে অংশ নেওয়ার মাধ্যমে। নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় অংশগ্রহণকারীদের। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ছাত্র হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম আমি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। মূলত সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় সম্মেলনটি।
এ বছর ২৪ থেকে ২৯ ফেব্রুয়ারি দিনব্যাপী বসেছিল তারুণ্যের মিলন মেলা-সাফফেস্ট। এবার নবম আসর অনুষ্ঠিত হলো ভারতের উত্তর প্রদেশের রাজধানী লেক্ষ্ণৗতে অবস্থিত বাবাসাহেব ভিমরাও আমবেদকার বিশ্ববিদ্যালয়ে। সাফফেস্টর প্রথম পর্ব ছিল দলনেতাদের সম্মেলন এবং নিবন্ধন। ২৫ ফেব্রুয়ারি সাফফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
বাংলাদেশের সাতটি বিশ্ববিদ্যালয় থেকে ২২ জন শিক্ষার্থী এই উৎসবে বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি ও কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা) নাসিমা রহমান। উৎসবের উল্লেখ্যযোগ্য অংশ হিসেবে ছিল লাইট ভোকাল, ক্লাসিক্যাল গান, ফোক ড্যান্স, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, পেইন্টিং এবং ক্লে মডেলিং।
প্রত্যেকটি বিভাগেই বাংলাদেশের সবার অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত ছিল। এই উৎসব সার্কের সবগুলো দেশের শিক্ষার্থীদের বন্ধুত্ব, তারুণ্য আর মেধা প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্মে পরিণত হয়। নিজের দেশকে অন্যের সামনে তুলে ধরার সুবর্ণ সুযোগ ছিল আমাদের সামনে। আমরা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একই হোটেলে থেকেছি। একে অপরের সংস্কৃতি সম্পর্কে জেনেছি। অল্প কয়েক দিনেই সবার মধ্যে নিবিড় বন্ধুত্ব হয়ে গিয়েছিল।