
সেদিন প্রকৃতি সেজেছিল বিষণ্ন রূপে। বিষণ্নতার মধ্যেও অবশ্য একটি অদৃশ্য আনন্দের রুমঝুম সুর টের পাচ্ছিলাম। ক্যাম্পাসে কোনো বন্ধুর দেখা পেলাম না। বিষণ্ন আকাশ, মেঘবালিকার দল, চারপাশের চেনা গাছপালা, মখমলের মতো নরম ঘাস আর ঘাসের মধ্যে লাল পিঁপড়ের সারি—এগুলোই যেন বন্ধুর মতো আমাকে ঘিরে ছিল।
হঠাৎই একটি কোমল কণ্ঠস্বর শুনতে পেলাম। ‘আফা, দুইডা ট্যাহা দেবেন?’ তাকিয়ে দেখি একটা পাঁচ-ছয় বছরের শিশু। হাত বাড়িয়ে বড্ড অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে। বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দিনে যে বাচ্চাটার মায়ের কোলে চুপটি করে ঘুমিয়ে থাকার কথা, সে-ই কিনা ঘর ছেড়ে বেরিয়েছে ক্ষুধার তাগিদে। আমি কিছু বললাম না। শুধু বোকার মতো ওর দিকে তাকিয়ে থাকলাম। মুখ খোলার পর যে প্রশ্নটা করলাম, সেটাও বোকার মতোই হলো। ‘তুমি পড়াশোনা করো না?’ শুনে বাচ্চাটা হাসল। সেই হাসি আমার চোখে উপহাসের মতো ঠেকল। হেসে সে বলল, ‘আফা, প্যাডে খাওন নাই আর হাম্মে লেহাপড়ার কতা কন!’ আমি একদম চুপ মেরে গেলাম।
যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা, পড়াশোনায় মত্ত থাকে, সেই বয়সেই এ বাচ্চাটি জীবনের কঠিন সত্যটা বুঝে ফেলেছে। আমি বললাম, ‘তুমি আমার কাছে পড়বে?’ শুনে সে শুধু হাসল। এমন নিষ্পাপ সম্মতির হাসি বোধ হয় আর দেখিনি। আমিও ঝটপট খাতা-কলম বের করে ওকে অক্ষরজ্ঞান দিতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই সে অ, আ শিখে ফেলল। মুখে মুখে শিখে নিল একটি ছড়াও। ক্ষণিকের জন্য হলেও ও যেন সম্পূর্ণ অন্য জগতে চলে গিয়েছিল।
কিন্তু খানিক বাদে আবারও ওর মুখে মেঘের ছায়া। বলল, ‘আফা, কাইল রাইত তন কিচ্ছু খাই নাই। দুইডা ট্যাহা দেবেন?’ নিজেকেই বড্ড অপরাধী মনে হলো। আমি আমার সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু পারলাম তাই দিয়ে ওকে খাবার কিনে দিলাম। খাবার পেয়ে সে কী খুশি! কৃতজ্ঞতামাখা দৃষ্টিতে বিদায় নিল সে। একটা অপরিচিত শিশুকে অক্ষরজ্ঞান দেওয়া আর তার সঙ্গে খানিকটা সময় কাটানোর মধ্যে যে এত আনন্দ, সেটা আমি আগে কখনো বুঝিনি।
লেখক: তৃতীয় বর্ষ, ইংরেজি বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল