বরিশাল বোর্ডে এবারও জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে। কমছে জিপিএ-৫-এর পরিমাণ। শিক্ষকদের প্রশিক্ষণ না দিয়ে কয়েকটি বিষয়ে নতুন করে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুর কারণে ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, বরিশাল বোর্ডে পাসের হার ৭০ দশমিক ১৩। জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন শিক্ষার্থী।

বোর্ডের তিন বছরের ফল বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৪ সালে বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫৪ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হন ৩৯ হাজার ৪০২ জন। পাসের হার ছিল ৭১ দশমিক ৭৫। জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ২২৫ জন শিক্ষার্থী। ২০১৫ সালের পরীক্ষায় ৫৫ হাজার ৮০৪ জন অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হন ৩৯ হাজার ৯৭ জন। পাসের হার ৭০ দশমিক ০৬। জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৩১৯ জন। এ বছর ৬১ হাজার ৫৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছেন ৪৩ হাজার ১৫৭ জন। পাসের হার ৭০ দশমিক ১৩। জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন। অর্থাৎ প্রতিবছর জিপিএ-৫ কমছে প্রায় অর্ধেক হারে। তবে এ বছর শূন্য দশমিক ৭ ভাগ পাস বেশি হয়েছে।

বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী বলেন, কয়েকটি কারণে এবারে ফল খারাপ হয়েছে। বাংলা, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কঠিন হওয়া এর অন্যতম কারণ। প্রশিক্ষিত শিক্ষক না দিয়ে নতুন নতুন বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার ছয় মাস আগে একজন শিক্ষককে এক বা দুই দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা শিক্ষার্থীদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার আগেই পরীক্ষা শুরু হয়ে যায়। ফলে শিক্ষার্থীরা অনেকাংশে পিছিয়ে ছিল। এর প্রভাব পড়েছে ফলাফলে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বলেন, এ বছর যুক্তিবিদ্যা, অর্থনীতি ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে নতুন করে সৃজনশীল প্রশ্ন প্রবর্তন করা হয়। সৃজনশীল প্রশ্নে পাস করা সহজ। কিন্তু বেশি নম্বর পাওয়া একটু কঠিন। তা ছাড়া নতুন চালু হওয়া সৃজনশীল পদ্ধতির চর্চাটা সেভাবে হচ্ছে না। এর প্রভাব পড়েছে জিপিএ-৫ এর ওপর। এর সঙ্গে সামাজিক বিষয়ও অনেকাংশে দায়ী। শিক্ষার্থী এবং অভিভাবকেরা কেবল কোচিংনির্ভর হওয়ায়ও সমস্যা বাড়ছে।