বরিশাল বোর্ডে এগিয়ে মেয়েরা
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে সব বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এগিয়ে রয়েছে ছেলেরা।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মেয়েদের পাসের হার ৮৪ দশমিক ৮৪ ও ছেলেদের ৮৩ দশমিক ৯০ শতাংশ। সার্বিকভাবে মেয়েরা শূন্য দশমিক ৯৪ শতাংশ বেশি পাস করেছে। তবে জিপিএ-৫-এ শুধু বিজ্ঞান বিভাগে ছেলেরা ৭২টি বেশি পেয়েছে।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫৮। এই বিভাগে ৭ হাজার ৪৬৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ১২৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৪২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৩টি। এই বিভাগে ৯ হাজার ৮৪৫ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ২৪৮ জন। পাসের হার ৯৩ দশমিক ৯৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫৫ জন।
মানবিক বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৮৯। এর মধ্যে মেয়েরা ৭৭ দশমিক ৭৩ এবং ছেলেরা ৭২ দশমিক ৮১ ভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৬ দশমিক ৭১ ভাগ। এর মধ্যে মেয়ে ৮৯ দশমিক ১৬ এবং ছেলে ৮৫ দশমিক শূন্য ২ ভাগ।
মানবিক বিভাগে ২৭ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২১ হাজার ৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন। এর মধ্যে ১৭ হাজার ৩৯৪ জন মেয়ে অংশ নেয়। পাস করেছে ১৩ হাজার ৫২০ জন। অন্যদিকে ১০ হাজার ৪০০ জন ছেলে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৫৭২ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ৩৭০ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে ৯ হাজার ২৪৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫০৩ জন। ১৪ হাজার ৯৮২ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১২ হাজার ৭৩৭ জন শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পেয়েছে ৮২ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে মেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকেরা সচেতন হয়েছেন। এ ছাড়া ছেলেদের তুলনায় মেয়েদের একাগ্রতাও বেশি।