বাঁধনহারা আনন্দে ভিকারুননিসার ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজের মাঠের একপাশে একটি মঞ্চ সাজানো হয়েছে। মঞ্চের পাসে কয়েকজন নাচছেন, কেউ কেউ সহপাঠীদের হাত ধরে বৃত্ত তৈরি করে ঘুরছেন, কেউ ফল দেখামাত্র চিৎকার করে দৌড়ে এসে সহপাঠীকে জড়িয়ে ধরে আনন্দ ভাগ করছেন। এঁরা সবাই এইচএসসিতে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী।

আজ সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের এমন বাঁধনহারা আনন্দে মেতে ওঠার চিত্র দেখা গেল।

মাঠে ড্রাম বাজাচ্ছে দ্বাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। তাদের পাসে ঘুরে ঘুরে নাচছে একই বর্ষের কয়েকজন। বড় আপুদের ভালো ফলের আনন্দে আনন্দিত মাহজাবিন আক্তার ও তাহমিনা। বললেন, ‘আমাদেরও খুব ভালো লাগছে।’

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া রুকাইয়া ইসলাম হৃদিতা, ওয়াসিকা মিম, মানবিক বিভাগ থেকে হোসনে তাসমিয়া মুনিয়া, ব্যবসায় শিক্ষা বিভাগের কয়েকজন শিক্ষার্থী মাঠের মধ্যে একে অন্যকে জড়িয়ে ধরছেন।

শিক্ষার্থীদের কাছ থেকে একটু দূরে অপেক্ষা করছেন দুই অভিভাবক বনশ্রী দাস ও নাজমা ইসলাম। তাঁদের মেয়ে শতাব্দী দাস ও নুসরাত জাহান বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তাঁরা মেয়ের ভালো ফলের আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন। নাজমা ইসলাম প্রথম আলোকে বলে, ‘মেয়ের জন্ম হওয়ার পর এত আনন্দ লেগেছিল। এখন মনে হচ্ছে আমি সার্থক মা।’ ভালো ফলের কারণ হিসেবে সবার আগে রাখতে চান মেয়ের চেষ্টাকে। এরপর শিক্ষক ও প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

ব্যবসায় শিক্ষা বিভাগের অপর এক শিক্ষার্থী হৃদিকা আফরোজ অর্থী জিপিএ–৫ পাননি। মা-মেয়ে কাঁদছিলেন। এরপর চোখ-মুখ মুছে মেয়ে বলল, ‘কাঁদবা না মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাব।’

মাঠের একপ্রান্তে বসে কাঁদছেন ব্যবসায় শিক্ষায় জিপিএ–৫ না পাওয়া আরেক পরীক্ষার্থী। ওই শিক্ষার্থীকে ঘিরে সান্ত্বনা দিচ্ছে তাঁর সহপাঠীরা।

২০১৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৯ দশমিক ৪৩ শতাংশ। এ বছর কলেজে সব বিভাগ মিলিয়ে পরীক্ষার্থী ছিল ১ হাজার ৫৬৮ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫৯ জন এবং জিপিএ–৫ পেয়েছে ১ হাজার ১৪০ জন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষার্থীদের ভালো ফলের কারণ হিসেবে অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেন, ‘আমাদের কলেজে ১ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৫৫৯ জন। পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই পরীক্ষার আগে বিদেশে চলে গেছে এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। তারা পরীক্ষা দিতে পারেনি।’