বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি
বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি

পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ১, ২, ৩, ৪ ও ৫ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক গদ্যাংশ বা কবিতাংশ। আজ থাকছে কবিতাংশ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
নিচের কবিতাংশটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও:
আমাদের বাংলা ভাষা।
আমাদের লক্ষ প্রাণের নিত্য দিনের
দুঃখ সুখের কান্না হাসা।
হাটের মানুষ, মাঠের মানুষ,
ঘরের মানুষ, পথের মানুষ
বাংলাদেশের সব মানুষের
বুকের ভাষা।

আমাদের বাংলা ভাষা।
যে ভাষায় হূদয় মেলে
মূর্খ-জ্ঞানী, গরিব-ধনী
বণিক চাষা।
মায়ের কাছে প্রথম শেখা বুলি,
সে যে তাই হীরার কণাগুলি;
আমাদের বুকের ঘরের রত্নাধারে
কানায় কানায় ঠাসা।
আমাদের বাংলা ভাষা।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. ওপরের কবিতাংশটি কোন বিষয় নিয়ে লেখা?
ক) বাংলা সাহিত্য খ) বাংলা ভাষা
গ) লোক সাহিত্য ঘ) রূপকথা
২. কোনটি আমাদের দুঃখ সুখের কান্না হাসা?
ক) বাংলা ভাষা খ) সম্পদ গ) গাড়ী ঘ) বাড়ি
৩. মানুষ কোন ভাষায় নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে?
ক) ইংরেজি খ) ভিনদেশী
গ) মাতৃভাষায় ঘ) যেকোনো ভাষায়
৪. মায়ের কাছে প্রথম শেখা বুলি কী রকম?
ক) সোনার মত খ) হীরার মতো
গ) রূপার মতো ঘ) চাঁদের মতো
৫. বাংলা ভাষা কোথায় কানায় কানায় ঠাসা?
ক) আমাদের হূদয়ে খ) আমাদের পরিবেশে
গ) আমাদের ঘরে ঘ) মাঠে প্রান্তরে।
১নং প্রশ্নের উত্তর:
১. খ) বাংলা ভাষা ২. ক) আমাদের বাংলা ভাষা ৩. গ) মাতৃভাষায় ৪. খ) হীরার মতো
৫. ক) আমাদের হূদয়ে।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ। ১┤৫=৫
শব্দ শব্দার্থ
জ্ঞানী যিনি অনেক কিছু জানেন।
বণিক বেনে, ব্যবসায়ী
হীরা রত্ন, উজ্জ্বল ও মূল্যবান পাথর
রত্নাধার যে পাত্রে মূল্যবান মণিমুক্তা রাখা হয়
বুলি কথা
ক) মকবুল সাহেব— লোক।
খ) সেকালে ময়ূরপঙ্খি নাও সাজিয়ে— বাণিজ্যে যেত।
গ) ঘাসের ডগার ওপর শিশির বিন্দু সকালের রোদে —র মত জ্বল জ্বল করে।
ঘ) —টি কারুকাজ করা কাঠের তৈরি।
ঙ) ‘মা’ শব্দটিই শিশুর প্রথম—।
২নং প্রশ্নের উত্তর:
ক) জ্ঞানী খ) বণিক গ) হীরা ঘ) রত্নাধার
ঙ) বুলি।
৩। নিচের যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ করে দেখাও:
ক্ষ, ত্ন, ন্ন, জ্ঞ, হূ
৩নং প্রশ্নের উত্তর:
যুক্তবর্ণ শব্দ গঠন বাক্য
ক্ষ পরীক্ষা তুহিনের পরীক্ষা খুব ভালো
হয়েছে।
ত্ন রত্ন হীরা একটি মূল্যবান রত্ন।
ন্ন কান্না সকলের জীবনেই কান্না
হাসি আছে।
জ্ঞ জ্ঞানী জ্ঞানী লোককে সবাই শ্রদ্ধা
করে।
হূ হূদয় বাংলা ভাষা আমাদের
হূদয়ের ভাষা।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. কবি বাংলা ভাষাকে ‘বুকের ভাষা’ বলেছেন কেন?
খ. কবি কিসের সঙ্গে বাংলা ভাষার তুলনা করেছেন?
গ. মনের ভাব প্রকাশ করতে গিয়ে মাতৃভাষা আমাদের কীভাবে সাহায্য করে?
৪নং প্রশ্নের উত্তর:
(ক)
ভাব প্রকাশের অন্যতম স্বতঃস্ফুর্ত মাধ্যম হলো ভাষা। আমরা বাংলাদেশের মানুষ। বাংলা ভাষায় আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি। আমাদের স্বপ্ন-আশা, সুখের কথা, দুখের ব্যথা প্রকাশ করে থাকি। তাই কবি বাংলা ভাষাকে বুকের ভাষা বলেছেন।
(খ)
সবচেয়ে মূল্যবান রত্ন হীরার সঙ্গে কবি বাংলা ভাষার তুলনা করেছেন। হীরা যেমন মহামূল্যবান রত্ন তেমনি মায়ের কাছে শেখা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাও মহামূল্যবান।
(গ)
প্রত্যেক মানুষেরই মনের ভাব প্রকাশের যথার্থ ও অন্যতম মাধ্যম হলো মাতৃভাষা। মাতৃভাষায় যেভাবে মানুষ মনের আকুতি, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, দুঃখ সুখের কথা সঠিকভাবে ব্যক্ত করতে পারে অন্য কোন ভাষায় তা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। আমরা বাংলাদেশের মানুষ। আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের জীবনে সুখ আছে, দুঃখ আছে, আছে নানা চাওয়া পাওয়া, স্বপ্ন আশা। এই সবই আমরা প্রকাশ করে থাকি আমাদের মাতৃভাষায়। এভাবে আবেগ অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে মাতৃভাষা আমাদের সাহায্য করে থাকে।
৫। মনে করো, তোমার নাম তারেক/সুফিয়া। তোমার বিদ্যালয়ের নাম নিমপুর প্রাথমিক বিদ্যালয়। এখন ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
৫নং প্রশ্নের উত্তর:
২২.০৭.২০১৪
বরাবর
প্রধান শিক্ষক
নিমপুর প্রাথমিক বিদ্যালয়, জামালপুর।
বিষয়: কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আপনার তত্ত্বাবধানে আমরা ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনের জন্য একান্ত আগ্রহী। ভাষা শহীদদের স্মৃতি বিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার। তাই শহীদ মিনার পরিদর্শন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার ব্যবস্থা গ্রহণ করে আমাদের ইচ্ছা পূরণে সহায়তা করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক,
৫ম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—
তারেক/সুফিয়া
রোল নং-৩।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা