বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁতিরা বুনছে জামদানি শাড়ি ষ ছবি: পাপ্পু ভট্টাচার্য
তাঁতিরা বুনছে জামদানি শাড়ি ষ ছবি: পাপ্পু ভট্টাচার্য

পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ১, ২, ৩, ৪ ও ৫ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক গদ্যাংশ বা কবিতাংশ। আজ থাকছে গদ্যাংশ সম্পৃক্ত প্রশ্নোত্তর।

নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। সেই সময় ঢাকার তৈরি মসলিন কাপড় ছিল পৃথিবীব্যাপী সমাদৃত। বিশ্ববাজারে এই মসলিনের চাহিদা ছিল অভাবনীয়। চাহিদার কারণে ঢাকাই মসলিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হতো। কুটির শিল্পের অন্তর্গত বাংলাদেশের তাঁতে তৈরি টাঙ্গাইল শাড়ি, ঢাকাই শাড়ি ও রাজশাহী সিল্কের জনপ্রিয়তা এখনো চোখে পড়ার মতো। বাংলাদেশের তাঁতিরা এখনো রেশমি, জামদানি ও সুতির কাপড় বোনে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকায় তৈরি পাটজাতদ্রব্য, বাটিক, ছিটকাপড়, শতরঞ্জি, মাটির পাত্র ইত্যাদি বেশ জননন্দিত। ছিটকাপড় যেমন ময়মনসিংহের ঐতিহ্যকে ধারণ করে আছে তেমনি রংপুর ও দিনাজপুর এলাকা শতরঞ্জির জন্য প্রসিদ্ধ। মসলিন, রেশম, তসর, গরদ, মুগা, মটকা, জামদানি, টাঙ্গাইল ও বালুচরি এ দেশের বিখ্যাত কাপড়। প্রাচীন মসলিনের মতো দেশে বিদেশে এখনো ঢাকাই শাড়ির প্রচুর চাহিদা রয়েছে।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) ওপরের অনুচ্ছেদটি মূলত কোন বিষয়ে লেখা?
ক. মৃিশল্প খ. কুটিরশিল্প
গ. বেতশিল্প ঘ. বস্ত্রশিল্প
২) পৃথিবীর বাজারে কোনটির চাহিদা অভাবনীয় ছিল?
ক. মসলিনের খ. সুতি শাড়ির
গ. মাটির পাত্রের ঘ. জামদানির
৩) শতরঞ্জি শব্দটির ‘ঞ্জ’ যুক্তবর্ণটিতে আছে—
ক. জ্+ঞ খ. ঞ্+জ গ. ন্+জ ঘ. ন্+ছ
৪) ছিট কাপড় কোন জেলার ঐতিহ্যকে ধারণ করে আছে?
ক. রাজশাহীর খ. রংপুরের
গ. ঢাকার ঘ. ময়মনসিংহের
৫) দেশে-বিদেশে কোন শাড়ির চাহিদা রয়েছে?
ক. পাবনাই শাড়ি খ. ঢাকাই শাড়ি
গ. সিলেটের শাড়ি ঘ. রংপুরের শাড়ি।
১ নম্বর প্রশ্নের উত্তর:
১) ঘ. বস্ত্রশিল্প ২) ক. মসলিনের ৩) খ. ঞ্+জ ৪) ঘ. ময়মনসিংহের ৫) খ. ঢাকাই শাড়ি।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো:
শব্দ শব্দার্থ
যথেষ্ট প্রচুর
রপ্তানি বিক্রির জন্য পণ্যদ্রব্য বিদেশে প্রেরণ
সমাদৃত সমাদরপ্রাপ্ত
প্রসিদ্ধ বিখ্যাত
প্রাচীন পুরোনো
ক. তার — বিষয়-সম্পত্তি, তাই সংসার চালাতে কষ্ট হয় না।
খ. একসময় প্রচুর পাটজাত দ্রব্য বিদেশে — হতো।
গ. ঢাকাই মসলিন ছিল বিশ্বব্যাপী—।
ঘ. রংপুর ও দিনাজপুর এলাকা শতরঞ্জির জন্য —।
ঙ. —কাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত।
২ নম্বর প্রশ্নের উত্তর:
ক. যথেষ্ট খ. রপ্তানি গ. সমাদৃত ঘ. প্রসিদ্ধ ঙ. প্রাচীন।
৩। নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো:
শ্ব, ল্প, প্ত, ষ্ট, ত্র
৩ নম্বর প্রশ্নের উত্তর:
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত বর্ণ
শ্ব শ্ + ব-ফলা (ব) বিশ্ব, বিশ্বাস
ল্প ল্ + প গল্প, অল্প
প্ত প্+ত তপ্ত, রপ্তানি
ষ্ট ষ্ + ট কষ্ট, নষ্ট
ত্র ত্ + র-ফলা ( ্র) পরিত্রাণ, মাত্রা
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) বাংলাদেশের তৈরি কাপড় সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
খ) ‘ঢাকার তৈরি মসলিন কাপড় ছিল পৃথিবীব্যাপি সমাদৃত।’ এই বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে?
গ) বাংলাদেশের তাঁতিদের তৈরি কয়েকটি বিখ্যাত কাপড়ের নাম লেখো।
৪ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
প্রাচীনকালে বাংলাদেশের ঢাকায় তৈরি মসলিন কাপড় ছিল পৃথিবীব্যাপী সমাদৃত। বিশ্ববাজারে এই মসলিনের চাহিদা ছিল অভাবনীয়। চাহিদার কারণে ঢাকাই মসলিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। বাংলাদেশের তাঁতের তৈরি টাঙ্গাইল শাড়ী, ঢাকাই শাড়ী ও রাজশাহী সিল্ক খুবই জনপ্রিয়। প্রাচীন মসলিনের মতো দেশে বিদেশে ঢাকাই শাড়ীর চাহিদা এখনো চোখে পড়ার মত।
(খ)
প্রাচীনকাল থেকেই বাংলাদেশে তৈরি কাপড়ের সুনাম ছিল। এর মধ্যে ঢাকাই মসলিনের আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়াজুড়ে প্রবল আলোড়ন তুলেছিল। ঢাকার মসলিন তত্কালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। ইংল্যান্ডের রাজপরিবারেও এর খ্যাতি ছিল। বাংলার বাইরে মসলিনের সুনাম ও জনপ্রিয়তাকে বোঝানোর জন্যই বলা হয়েছে, ঢাকার তৈরি মসলিন কাপড় ছিল পৃথিবীব্যাপি সমাদৃত।
(গ)
প্রাচীনকাল থেকেই বাংলাদেশের মানুষ কাপড় বোনার জন্য বিখ্যাত। বাংলাদেশের তাঁতিদের তৈরি মসলিন, জামদানি, সুতি, বালুচরি, তসর, গরদ, মুগা, মটকা ও রেশমের শাড়ি খুবই বিখ্যাত।
৫। মনে কর তোমার নাম কাশেম/কমলা। তুমি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা টাঙ্গাইলের তাঁত শিল্প কারখানা পরিদর্শনে যেতে চাও এ বিষয়ে অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
২০.১০.১৪
বরাবর,
প্রধান শিক্ষক
রতনপুর প্রাথমিক বিদ্যালয়
রতনপুর, পিরোজপুর।
বিষয়: তাঁত শিল্প কারখানা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশের ঐতিহ্যবাহি তাঁতশিল্প কারখানা পরিদর্শনে আমরা একান্ত আগ্রহী। আপনার তত্ত্বাবধানে টাঙ্গাইলের বাজিতপুর তাঁতশিল্প কারখানা পরিদর্শনের ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক
শিক্ষার্থীদের পক্ষে—
কাশেম, পঞ্চম শ্রেণি, রোল-১০।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা