বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাছপালা আমাদের পরম বন্ধু ষ অঙ্কন: মাসুক হেলাল
গাছপালা আমাদের পরম বন্ধু ষ অঙ্কন: মাসুক হেলাল

পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ১, ২, ৩, ৪ ও ৫ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইবহির্ভূত যোগ্যতাভিত্তিক গদ্যাংশ বা কবিতাংশ। আজ থাকছে গদ্যাংশ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও:
গাছপালা আমাদের পরম বন্ধু। গাছপালা ছাড়া পৃথিবীতে আমাদের জীবন অচল। বাতাসে শ্বাস নিতে না পারলে আমাদের মৃত্যু অনিবার্য। বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি। অন্যদিকে গাছপালা বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও বাতাসে অক্সিজেন ছাড়ে। গাছপালা না থাকলে একসময় বাতাসের অক্সিজেন একেবারেই শেষ হয়ে যেত। আর আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তাম। গাছপালা আরও একভাবে আমাদের বাঁচতে সাহায্য করে। সেটা হলো, গাছপালা আমাদের নানা রকম খাদ্যের জোগানদার।
কেবল সৌন্দর্যের পরিবেশ নয়, মানুষের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়। ঝড়, বৃষ্টি ও বন্যা প্রতিরোধেও গাছপালা সহায়তা করে। গাছপালা না থাকলে পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী হয়ে উঠত মরুভূমি। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠেছে— ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ আমরা গাছ লাগাব এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব।

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) ওপরের অনুচ্ছেদটি কোন বিষয় নিয়ে লেখা?
ক. পরিবেশ খ. গাছপালা গ. অরণ্য ঘ. বিপিন
২) গাছপালা বাতাস থেকে কী গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. নাইট্রোজেন ঘ. হাইড্রোজেন
৩) অক্সিজেন শব্দটির ‘ক্স’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. ক্+স খ. ক্+র গ. স্+ক ঘ. ক্+ষ
৪) গাছপালা ও বনভূমি বেশি হলে কী হয়?
ক. বৃষ্টি খ. খরা গ. ঝড় ঘ. বন্যা
৫) গাছপালা না থাকলে পরিবেশ কেমন হতো?
ক. শীতল খ. নাতিশীতোষ্ণ গ. উষ্ণ ঘ. গরম
১ নম্বর প্রশ্নের উত্তর:
১) খ. গাছপালা ২) খ. কার্বন ডাই-অক্সাইড
৩) ক. ক + স ৪) ক. বৃষ্টি ৫) গ. উষ্ণ।
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো:
শব্দ শব্দার্থ
অস্তিত্ব থাকার অবস্থা/বিদ্যমানতা
সৌন্দর্য সুন্দর
বন্ধু সুহূদ
অনিবার্য এড়ানো যায় না এমন
পরিবেশ প্রকৃতি
মৃত্যু দেহত্যাগ
ক. গাছপালা আমাদের প্রকৃত —।
খ. — রক্ষায় গাছপালার জুড়ি নেই।
গ. জীবন ধারণের জন্য অক্সিজেন —।
ঘ. গাছপালা না থাকলে মানুষের —হতো বিপন্ন।
ঙ। অক্সিজেন ছাড়া আমরা—কোলে ঢলে পড়তাম।
২ নম্বর প্রশ্নের উত্তর:
ক. বন্ধু খ. পরিবেশ গ. অনিবার্য ঘ. অস্তিত্ব
ঙ. মৃত্যুর।
৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং তৈরি করা শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখো:
ন্ধ, শ্ব, ন্দ, শ্ল, ন্ন
৩ নম্বর প্রশ্নের উত্তর:
যুক্তবর্ণ যে যে বর্ণ দিয়ে তৈরি গঠিত শব্দ
ন্ধ ন্ + ধ বন্ধু
শ্ব শ্ + ব বিশ্বাস
ন্দ ন্ + দ সৌন্দর্য
শ্ল শ্ + ল অশ্লীল
ন্ন ন্ + ন নবান্ন
বন্ধু— রকিব আমার ভালো বন্ধূ।
বিশ্বাস— সবাইকে বিশ্বাস করা উচিত নয়।
সৌন্দর্য— বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে সকলেই বিমোহিত হয়।
অশ্লীল— অশ্লীল বাক্য ব্যবহার করা উচিত নয়।
নবান্ন— নবান্নের উত্সবে কৃষকের মন আনন্দে নেচে ওঠে।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক) গাছপালাকে পরম বন্ধু বলার পাঁচটি কারণ উল্লেখ করো।
খ) প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে?
গ) গাছপালা না থাকলে কী হতো? আজকের দিনে পরিবেশ রক্ষার স্লোগান কী?
৪ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
গাছপালাকে পরম বন্ধু বলার পাঁচটি কারণ নিচে দেওয়া হলো—
১. গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই।
২. গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশকে নির্মল করে।
৩. প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরি করে।
৪. গাছপালা ও বনভূমি বেশি হলে বৃষ্টি বেশি হয়।
৫. গাছপালা আমাদের খাদ্যের যোগান দিয়ে থাকে।
(খ)
প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অনস্বীকার্য। বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ছেড়ে দিই। কিন্তু গাছপালা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয়। মানুষের অস্তিত্ব রক্ষায় অনুকূল পরিবেশ তৈরিতে গাছপালার অবদান অপরিসীম। গাছপালা থাকলে ঝড়, বৃষ্টি, বন্যা কম হয় এবং পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অনস্বীকার্য।
(গ)
গাছপালা না থাকলে পৃথিবীর পরিবেশ হয়ে উঠত উষ্ণ। পৃথিবী মরুভূমি হয়ে যেত। মানুষের অস্তিত্ব হতো বিপন্ন। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠেছে, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’
৫। মনে করো তোমার নাম আদিয়া/আসলাম। তুমি কুমিল্লার বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন, বৃক্ষমেলা পরিদর্শনের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১৮/৪/১৪
বরাবর
প্রধান শিক্ষক
বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়
কুমিল্লা।
বিষয়: বৃক্ষমেলা পরিদর্শনের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আগামী ১৫ জুন ২০১৪, জেলা সদরে সাতদিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। আমরা আপনার তত্ত্বাবধানে উক্ত মেলা পরিদর্শন করতে একান্ত আগ্রহী।
অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়।
নিবেদক
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে—
আদিয়া, রোল-৫
বিজয়তলা প্রাথমিক বিদ্যালয়।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা