বাংলা

পাঠ্যবইয়ের অনুচ্ছেদ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের গদ্যাংশ বা কবিতাংশ। আজ থাকছে গদ্যাংশ সম্পৃক্ত প্রশ্নোত্তর।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
বাংলাদেশের জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া, বন্ধুবান্ধবদের বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসা—এভাবেও কত কিছু দেখা যায়। মানুষকে এভাবেই তো ভালোবাসতে হবে। মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালোবাসা জন্মাবে। দেশকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে। দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো আসলে জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১) মানুষে মানুষে মিলেমিশে থাকলেই জন্মাবে—
ক. বৈচিত্র্য খ. ঘৃণা গ. হিংসা ঘ. ভালোবাসা
২) যতটা পারা যায়, দেশকে দেখতে হবে—
ক. দূরে থেকে খ. গভীরভাবে
গ. কাছে থেকে ঘ. নিবিড়ভাবে
৩) দেশ আমাদের বাঁচিয়ে রেখেছে—
ক. আলো দিয়ে খ. বায়ু দিয়ে
গ. সম্পদ দিয়ে
ঘ. আলো, বাতাস ও সম্পদ দিয়ে
৪) মায়ের মত করে ভালোবাসতে হবে—
ক. নদীকে খ. সাগরকে
গ. দেশকে ঘ. পাহাড়কে
৫) দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন হয়ে উঠবে—
ক. পবিত্র খ. সার্থক গ. স্থির ঘ. নির্মল।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
১) ঘ. ভালোবাসা
২) গ. কাছে থেকে
৩) ঘ. আলো বাতাস ও সম্পদ দিয়ে
৪) গ. দেশকে
৫) খ. সার্থক।
৭। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো:
ক) দেশ মানে কী?
খ) দেশকে কেন ভালোবাসতে হবে?
গ) আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
দেশ মানে হলো এর মানুষ, দেশ মানে হলো এর জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র— এসব।
(খ)
দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস-সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে।
(গ)
দেশ আমাদের মায়ের মতো। মায়ের স্নেহ-মমতা-ভালোবাসায় আমরা যেমন বেড়ে উঠি, তেমনি দেশের আলো, বাতাস, সম্পদের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনি ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।
৮। প্রদত্ত অনুচ্ছেদটির মূলভাব লেখো।
৮ নম্বর প্রশ্নের উত্তর:
দেশের মানুষ আর প্রকৃতি আমাদের কাছে অত্যন্ত প্রিয়। দেশ আমাদের মায়ের মতোই মমতাময়ী, স্নেহময়ী। মাতৃসম দেশের কোলেই আমরা থাকব চিরকাল। দেশের জন্য আমরা কাজ করব, দেশকে ভালোবাসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।
৯। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো:
বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক
৯ নম্বর প্রশ্নের উত্তর:
প্রদত্ত শব্দ শব্দার্থ
বৈচিত্র্য বিভিন্নতা
বেলাভূমি সমুদ্রের তীরে বালুময় স্থান
প্রান্তর মাঠ
স্বজন আত্মীয়
সার্থক সফল।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা