বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন: বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ:
আমরা বাংলাদেশের বাঙালি তার মানে বাঙালি আরও কোথাও আছে না কি নিশ্চয় আছে ত্রিপুরার লোকজন ও বাঙালি সকলেই বাংলায় কথা বলে
উত্তর: আমরা বাংলাদেশের বাঙালি। তার মানে—বাঙালি আরও কোথাও আছে নাকি? নিশ্চয় আছে। ত্রিপুরার লোকজনও বাঙালি, সকলেই বাংলায় কথা বলে।
প্রশ্ন: ভাব তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন।
উত্তর: ভাব তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।
প্রশ্ন: রয়েল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাত্ বাংলাদেশেই একমাত্র দেখা যায় যদি বাঘই না থাকে তো রয়েল বেঙ্গল থাকবে কীভাবে
উত্তর: ‘রয়েল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীতে সবাই জানে, এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাত্ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়েল বেঙ্গল থাকবে কীভাবে?
প্রশ্ন: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো নায়াগ্রা আহ্ দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে
উত্তর: এক বন্ধুর এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো, নায়াগ্রা চলো। নায়াগ্রা। আহ, দেশে গিয়ে কী গল্পটাই না করা যাবে!
প্রশ্ন: বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি সে যে কী বিস্ময়কর।
উত্তর: বিশ্ব-ভূমণ্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে। পৃথিবীতে সবচেয়ে বৃহত্ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সে যে কী বিস্ময়কর!
প্রশ্ন: দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় সে ভালো খেলাধুলাও করে বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না তবু বাবামায়ের সাথে সাথে থাকে
উত্তর: দশ-এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়। পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। বাড়ির কাজকর্ম তেমন করতে হয় না; তবু বাবা-মায়ের সাথে সাথে থাকে।
প্রশ্ন: মুসা তো অবাক কত উঁচু গম্ভীর এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল
উত্তর: মুসা তো অবাক! কত উঁচু, গম্ভীর এই পাহাড়। বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
প্রশ্ন: ৮ এপ্রিল ২০১০ সাল নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন সেখানে পৌঁছে অভিযানের জন্য যা যা প্রয়োজন কিনে ফেললেন সেই সব জিনিস
উত্তর: ৮ এপ্রিল ২০১০ সাল। নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করলেন। সেখানে পৌঁছে অভিযানের জন্য যা-যা প্রয়োজন, কিনে ফেললেন সেই সব জিনিস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন নাফ গ্রীন মডেল স্কুল ঢাকা