বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন: রাজা বহু বছর পরে চোখ মেলেন বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো সবুজ পাতা আর দেখে সামনে কে যেন দাঁড়িয়ে
উত্তর: রাজা বহু বছর পরে চোখ মেলেন। বহু বছর পরে তার চোখ দেখে সূর্যের আলো, সবুজ পাতা আর দেখে—সামনে কে যেন দাঁড়িয়ে!
প্রশ্ন: কী উত্সাহ কী আগ্রহ শুনেও সুখ হয় এ রকম জানার আকাঙ্ক্ষা কয়জনের আছে বলুন তো
উত্তর: কী উত্সাহ, কী আগ্রহ! শুনেও সুখ হয়। এ রকম জানার আকাঙ্ক্ষা কয়জনের আছে, বলুন তো?
প্রশ্ন: বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে গড়ে তুলছে এই দেশ
উত্তর: বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেক জনকে সাহায্য করছে। গড়ে তুলছে এই দেশ।
প্রশ্ন: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে চাকমা গারো সাঁওতাল ত্রিপুরা মুরং তঞ্চঙ্গ্যা ইত্যাদি এদের ভাষা এদের নিজেদের একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব
উত্তর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও তাদের ছাড়া আরও লোকজন আছে—চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তঞ্চঙ্গ্যা ইত্যাদি। এদের ভাষা এদের নিজেদের। একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব।
প্রশ্ন: আমরা যারা এই দেশে বাস করি তাদের সবার গৌরব কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে তখন সে দেশের সুখ্যাতি হয় আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি এতেই আমাদের আনন্দ
উত্তর: আমরা যারা এই দেশে বাস করি, তাদের সবার গৌরব। কোনো দেশে যদি নানা ধরনের নানা জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়। আমরা নানা জাতের মানুষ এই যে মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি, এতেই আমাদের আনন্দ।
প্রশ্ন: ধর্মের কথাই ভাবা যাক আমাদের দেশে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিষ্টান রয়েছে এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
উত্তর: ধর্মের কথাই ভাবা যাক। আমাদের দেশে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিষ্টান রয়েছে, এমনকি অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও আছে। এত বৈচিত্র্য খুব কম দেশেই থাকে।
প্রশ্ন: মুসলমানদের দুটো ঈদ রয়েছে রয়েছে মহররম হিন্দুদের দুর্গাপূজাসহ এত উত্সব আছে যে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধপূর্ণিমা
উত্তর: মুসলমানদের দুটো ঈদ রয়েছে, রয়েছে মহররম। হিন্দুদের দুর্গাপূজাসহ এত উত্সব আছে যে ‘বারো মাসে তেরো পার্বণ’ লেগেই থাকে। বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধপূর্ণিমা।
# বাকি অংশ ছাপা হবে রোববার
সিনিয়র শিক্ষক, আন নাফ গ্রীন মডেল স্কুল ঢাকা