
বিরাম চিহ্ন
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১০ নং প্রশ্নটি থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’। নিচে পাঠ্যবইয়ের নির্বাচিত ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো’ দেওয়া হলো।
প্রশ্ন: ১৯৭১ সালে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি এই বিজয় অর্জনের জন্য দেশবাসীকে মুখোমুখি হতে হয়েছে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে পাকিস্তানি শত্রুসেনাদের বিরুদ্ধে
উত্তর: ১৯৭১ সালে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয় অর্জনের জন্য দেশবাসীকে মুখোমুখি হতে হয়েছে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে পাকিস্তানি শত্রুসেনাদের বিরুদ্ধে।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এ দেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয় তারা জানে এ দেশের মনস্বী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল সবাইকে হত্যা করলে এ দেশের যে ক্ষতি হবে তা অপূরণীয় পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে।
উত্তর: মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত। তখন তারা এ দেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এ দেশের মনস্বী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল সবাইকে হত্যা করলে এ দেশের যে ক্ষতি হবে তা অপূরণীয়। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে।
প্রশ্ন: একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই তখন আমাদের মনে আর মুখে বাজে এই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি
উত্তর: একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাই। তখন আমাদের মনে আর মুখে বাজে এই গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’
প্রশ্ন: বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সে সব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় পাহাড়পুর
উত্তর: বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সে সব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন—ময়নামতি, মহাস্থানগড়, পাহাড়পুর।
প্রশ্ন: উয়ারী বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগরী হিসেবে ধরা যেতে পারে এটি দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল যাকে আবার রাজধানী হিসেবেও বিবেচনা করা যায় প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য প্রস্থের আয়তনের এই দুর্গ নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট
উত্তর: উয়ারী বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি নগরী হিসেবে ধরা যেতে পারে। এটি দুর্গ হিসেবে গড়ে তোলা হয়েছিল যাকে আবার রাজধানী হিসেবেও বিবেচনা করা যায়। প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের আয়তনের এই দুর্গ-নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট।
প্রশ্ন: তখন কেবল সূর্য উঠছে পূর্ব দিগন্তে লাল সূর্য এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ নাম তার মুসা ইব্রাহিম সেই প্রথম কোনো বাংলাদেশীর এভারেস্ট বিজয়
উত্তর: তখন কেবল সূর্য উঠছে, পূর্ব দিগন্তে লাল সূর্য। এ রকম একটা মুহূর্তে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে এভারেস্টের শীর্ষে উড়িয়ে দিলেন এক তরুণ। নাম তার মুসা ইব্রাহিম। সেই প্রথম কোনো বাংলাদেশীর এভারেস্ট বিজয়।
প্রশ্ন: মুসা তো অবাক কত উঁচু গম্ভীর স্তব্ধ এই পাহাড় বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল
উত্তর: মুসা তো অবাক! কত উঁচু, গম্ভীর, স্তব্ধ এই পাহাড়! বুকের মধ্যে একটু একটু করে স্বপ্নটা ডানা মেলে যেন উড়তে চাইল।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল