বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই দেশ এই মানুষ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’। প্রবন্ধের ওপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও—
ভাবো তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন
উত্তর: ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।
প্রশ্ন: বাংলাদেশে বাঙালি ছাড়াও আর কোন ধরনের মানুষ বাস করে?
উত্তর:
বাংলাদেশ আমাদের মাতৃভূমি। আমাদের প্রিয় জন্মভূমি। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি। স্বাভাবিকভাবে মনে হতে পারে যে বাংলাদেশে শুধু বাঙালিরা বাস করে। আসলে তা নয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি হলেও এই দেশে আরও অনেক ধরনের মানুষ বাস করে।

বাঙালি ছাড়াও এ দেশে বাস করে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা নানা জাতের মানুষ। এসব মানুষের ভাষা যেমন তাদের নিজেদের, তেমনই দৈনন্দিন জীবনযাপন এবং আনন্দ-উত্সবও তাদের নিজেদের। আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বাংলাদেশে বন্ধুর মতো বসবাস করছি। আর এটাই আমাদের আনন্দ।
প্রশ্ন: বাংলাদেশের গৌরব কিসে?
উত্তর: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। তবে বাঙালি ছাড়াও এ দেশে আরও নানা জাতের মানুষ আছে। তাদের মধ্যে রয়েছে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। এসব মানুষের ভাষা যেমন তাদের নিজেদের, তেমনই দৈনিন্দন জীবনযাপনও তাদের নিজেদের। একই দেশ। অথচ জনজীবনে রয়েছে বৈচিত্র্য। একই সূত্রে গাঁথা এই বিভিন্নতা—আমরা যারা এ দেশে বাস করি, তাদের সবার জন্য এক অনন্য গৌরবের বস্তু। কারণ, কোনো দেশে যদি নানা ধরনের, নানা জাতের মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়।
এই যে আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বন্ধুর মতো বাংলাদেশে বসবাস করছি, এতেই আমাদের আনন্দ। আর এটাই বাংলাদেশের গৌরব।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?
উত্তর: বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে যেমন রয়েছে নানা জাতের মানুষ, তেমনই রয়েছে নানা ধর্মের মানুষ। এ দেশে আছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের মানুষ। এ ছাড়া অল্পসংখ্যক জৈন ধর্মের মানুষও এ দেশে রয়েছে। আর এসব ধর্মের মানুষের রয়েছে নানা ধরনের নিজস্ব ধর্মীয় উত্সব। বিভিন্ন ধর্মের এই উত্সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
ক) মুসলমানদের ঈদে মিলাদুন্নবী (সা.), ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহররম ইত্যাদি।
খ) হিন্দুদের দুর্গাপূজা, জন্মাষ্টমী, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজা ইত্যাদি।
গ) বৌদ্ধদের মাঘী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ইত্যাদি।
ঘ) খ্রিষ্টানদের ইস্টার সানডে, বড়দিন ইত্যাদি।
প্রশ্ন: ‘বাগানে কত রকমের গাছপালা—বড় গাছ, ছোট গাছ’—এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের উল্লেখিত লাইনটি দ্বারা বাংলাদেশের বৈচিত্র্যময় জনজীবনের বিভিন্নতা বোঝানো হয়েছে।
আমাদের বাংলাদেশে রয়েছে নানা জাতের, নানা ধর্মের, নানা পেশার মানুষ। এই ভিন্ন ভিন্ন ধরনের মানুষ ভিন্ন ভিন্ন ধাঁচের হলেও একটা জায়গায় সবারই মিল রয়েছে। আর সেই মিলটা হলো আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। আরও একটা মিল আছে। সেটা হলো আমাদের অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী। বাংলা ভাষার বাইরে অন্য ভাষার মানুষও কমবেশি এ দেশে রয়েছে। যেমন—গারো, চাকমা, ত্রিপুরা, সাঁওতালদের নিজস্ব ভাষা রয়েছে। এসব কিছু মিলিয়ে বাংলাদেশ যেন একটা বড় বাগান। ছোট-বড় অনেক রকম গাছ আর ফুলে-ফলে ভরা বাগান যেমন বাতাসে দোল খায়, বাংলাদেশও ঠিক সেই রকম। তাই তো এই দেশ আমাদের গর্ব। আমাদের অহংকার।
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো:
বাঙালি, দূরে, সংখ্যাগরিষ্ঠ, বন্ধু, শ্রদ্ধা, দেশ, সার্থক।
উত্তর:
প্রদত্ত শব্দ — বিপরীত শব্দ
বাঙালি — অবাঙালি
দূরে — নিকটে
সংখ্যাগরিষ্ঠ — সংখ্যালঘিষ্ঠ
বন্ধু — শত্রু
শ্রদ্ধা — অশ্রদ্ধা
দেশ — বিদেশ
সার্থক — ব্যর্থ।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা