
ফেব্রুয়ারির গান
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে আজ রয়েছে লুত্ফর রহমান রিটন রচিত কবিতা ‘ফেব্রুয়ারির গান’। তোমরা জানো, গল্প, কবিতা, প্রবন্ধ কিংবা নাটিকা যাই আমরা পড়ব, তা সঠিক ও যথার্থভাবে শেখার জন্য, অনুধাবন করার জন্য ওই বিষয় সম্পৃক্ত শব্দগুলোর অর্থ ভালোভাবে জেনে নিতে হয়। শব্দের অর্থ সঠিকভাবে না জানলে আমাদের শব্দভান্ডার সমৃদ্ধ হবে না। আর শব্দ ভাণ্ডার সমৃদ্ধ না হলে যথার্থ বাক্যরচনা তৈরি করতে যেমন অসুবিধা হয় তেমনি প্রশ্নোত্তর, প্রতিশব্দ, বিপরীত শব্দ ইত্যাদিও সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। শুধু তাই নয়, শব্দের অর্থ সঠিকভাবে না জানলে নিজের ভাষায় কোনো কিছু বলতে লিখতে বুঝতে ও প্রশ্নোত্তর শিখতে সমস্যায় পড়তে হয়। তাই শুরুতে এই কবিতায় ব্যবহূত বিভিন্ন শব্দের অর্থ জেনে নেবো।
প্রশ্ন: শব্দগুলোর অর্থ শিখে খাতায় লেখো।
উত্তর:
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
মুগ্ধ বিমোহিত, আনন্দিত।
ঊর্মি নদী ও সাগরের ঢেউ।
ঊর্মিমালা ঢেউসমূহ, ঢেউগুলো।
স্রোতস্বিনী নদী।
সমুদ্দুর সমুদ্র, সাগর।
বাহার সৌন্দর্য।
স্বর্ণলতা সোনালীরঙের বুনোলতা।
প্রশ্ন: শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর, ঝরনা, প্রকৃতি, প্রতিধ্বনি, স্বর্ণলতা, পাহাড়, মধুর।
উত্তর:
মুগ্ধ— লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
ঊর্মি— ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।
স্রোতস্বিনী— পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।
সমুদ্দুর— সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।
বাহার— শাকেরের জামা কাপড়ের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।
সাগর— সাগর তীরে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।
ঝরনা— সিলেট ও চট্টগ্রাম পাহাড়ী অঞ্চলে অনেক ঝরনা আছে।
প্রকৃতি— প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।
প্রতিধ্বনি— মিছিলের স্লোগানগুলো ধ্বনি প্রতিধ্বনি তুলে চারিদিক মুখরিত করে তুলছে।
স্বর্ণলতা— মেঠো পথের দুপাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
পাহাড়— পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।
মধুর— আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।
প্রশ্ন: শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।
বিমোহিত, সাগর, ঊর্মি, ফুল, নদী, পাখি, পাহাড়, গাছ।
উত্তর:
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
বিমোহিত আনন্দিত, মুগ্ধ
সাগর সমুদ্র, সমুদ্দুর
ঊর্মি ঢেউ, তরঙ্গ
ফুল পুষ্প, কুসুম
নদী স্রোতস্বিনী, তটিনী
পাখি বিহঙ্গ, পক্ষী
পাহাড় গিরি, শৈল
গাছ বৃক্ষ, তরু।
প্রশ্ন: সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো।
১। ‘ফেব্রুয়ারির গান’—কবিতাটিকে রচনা করেছেন?
ক. আহসান হাবীব খ. লুত্ফর রহমান রিটন
গ. লুত্ফর রহমান সরকার ঘ. সুকুমার রায়।
উত্তর: খ. লুত্ফর রহমান রিটন।
২। ‘সমুদ্দুর’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. নদী খ. ঊর্মি গ. সাগর ঘ. তেপান্তর।
উত্তর: গ. সাগর।
৩। বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে কী বলে?
ক. প্রতিধ্বনি, খ. ধ্বনি, গ. উপধ্বনি, ঘ. সরল ধ্বনি
উত্তর: ক. প্রতিধ্বনি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা