বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুন্দরবনের প্রাণী
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের ‘সুন্দরবনের প্রাণী’ থেকে প্রশ্নোত্তর।
# নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রশ্ন: সুন্দরবনে কি গণ্ডার পাওয়া যায়?
উত্তর: প্রাণীজগতের আরেক বিস্ময়কর প্রাণী গণ্ডার। এটি কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরু আকারের। এদের নাকের ওপরে একটা শিং থাকে। ইংরেজ আমলের প্রথম দিকে, অর্থাৎ শ তিনেক বছর আগে, সুন্দরবনে গণ্ডারের সংখ্যাধিক্য ছিল। কিন্তু সেই গণ্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারি সবাই মিলে ক্রমান্বয়ে গণ্ডারের বংশ ধ্বংস করেছে। বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষ গণ্ডার দেখেছিলেন বলে জানা যায়। বর্তমানে সুন্দরবনে গণ্ডার সম্পূর্ণভাবে অবলুপ্ত।
প্রশ্ন: বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর: ডাঙ্গায় বাস করে এমন প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। একসময় এই বৃহৎ প্রাণী সুন্দরবনে দেখা যেত। এখন সুন্দরবনে কোনো হাতি নেই। বর্তমানে বাংলাদেশে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি দেখা যায়। রাঙামাটি ও বান্দরবান জেলায় পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে বুনো হাতির দল ঘুরে বেড়ায়।

প্রশ্ন: শকুন কীভাবে মানুষের উপকার করে?
উত্তর: ক্রমেই নিশ্চিহ্ন হতে চলেছে, এমন প্রাণীদের মধ্যে অন্যতম শকুন। শকুন নানাভাবে মানুষের উপকার করে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। ফলে শকুন সত্যিকার অর্থে মানুষের অনেক উপকার করে।
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদ ধ্বংস করতে নেই, ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়— বুঝিয়ে লেখো।
উত্তর: বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের কোনো শেষ নেই। এ সবকিছু প্রাকৃতিক নিয়মেই ধরায় এসেছে মানুষের কল্যাণের জন্য। অথচ আমরা তা দিনে দিনে ধ্বংস করে ফেলছি।
আমাদের চিরসবুজের এই বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের কোনো কমতি নেই। প্রাকৃতিক সম্পদ সব প্রাকৃতিক নিয়মেই সৃষ্টি হয়েছে। প্রকৃতির নিয়মই এ রকম। আর এ পৃথিবীতে কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। মানুষের প্রয়োজনেই সবকিছু সৃষ্টি হয়েছে। অথচ আমরা তা নির্বিচারে ধ্বংস করে ফেলছি। আমরা বলে যাচ্ছি, পৃথিবীর সব জীবজন্তু, গাছগাছালিই কোনো না কোনোভাবে আমাদের উপকার করে যাচ্ছে। প্রকৃতির দান এসব সম্পদকে ধ্বংস করার অধিকার আমাদের নেই। কেননা, প্রকৃতির দানকে ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয়।
প্রাকৃতিক নিয়মেই সব জীবজন্তু, গাছগাছালি ইত্যাদির সৃষ্টি। তাই প্রকৃতির সৃষ্ট এসব নেয়ামতকে ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা