বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
প্রিয় শিক্ষার্থীরা, বাংলার বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।

প্রশ্ন: নূর মোহাম্মদ শেখের জীবন কীভাবে বদলে গেল?
উত্তর: মা-বাবার একমাত্র সন্তান দুরন্ত নূর মোহাম্মদ শেখ। নাটক, থিয়েটার আর গানের প্রতি ছিল তাঁর প্রবল অনুরাগ। ইচ্ছে ছিল ভবিষ্যতে হবেন একজন সংস্কৃতিকর্মী, নাট্যকর্মী কিংবা সংগীতশিল্পী। কিন্তু ওই বয়সেই তাঁর মা-বাবা গেলেন। মা-বাবা মারা যাওয়ার পর তাঁর জীবনও বদলে গেল। যোগ দিলেন ইপিআর, অর্থাত্ ইস্ট পাকিস্তান রাইফেলসে। একাত্তর সালের মুক্তিযুদ্ধ আবার বদলে দিল সবকিছু। তিনি যোগ দিলেন মুক্তিযুদ্ধে।

প্রশ্ন: নূর মোহাম্মদ শেখ কীভাবে শহীদ হলেন?
উত্তর: ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর। যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। এঁদের নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। রাজাকারদের সহায়তায় তিন দিক থেকে তারা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। প্রতিপক্ষের গুলিতে আহত হন নূর মোহাম্মদের সহযোদ্ধা, অসীম সাহসী নান্নু মিয়া। অসীম সাহসী মুক্তিযোদ্ধা, আহত নান্নু মিয়াকে এক হাতে কাঁধে তুলে নিয়ে অন্য হাতে কৌশলে গুলি চালাতে থাকেন। একসময় হঠাত্ মর্টারের একটা গোলা এসে লাগে তাঁর পায়ে। চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় তাঁর পা। মৃত্যু আসন্ন বুঝতে পেরে তিনি সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহী মোস্তফাকে নির্দেশ দিলেন আহত নান্নু মিয়াকে নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে। আর নূর মোহাম্মদ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন। নিজের জীবন তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবে শহীদ হয়ে রক্ষা করেন মুক্তিযোদ্ধাদের জীবন।

বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ
বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ


প্রশ্ন: সিপাহি মুন্সি আবদুর রউফের যুদ্ধের ঘটনাটা লেখো।
উত্তর: আমাদের মুক্তিযুদ্ধে যে সাতজন শ্রেষ্ঠ সৈনিক বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন, সিপাহি মুন্সি আবদুর রউফ তাঁদেরই একজন। মুক্তিযুদ্ধের প্রথম দিকে তিনি পার্বত্য চট্টগ্রামের মহালছড়ি এলাকায় যুদ্ধরত ছিলেন। ১৯৭১ সালের ৮ এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করার জন্য মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা সাতটি স্পিডবোট আর দুটি মোটরলঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। আবদুর রউফ হালকা একটা মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুসেনাদের রুখে দিতে থাকলেন। আর সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে বললেন। সেই যুদ্ধে পাকিস্তানিদের সাতটি স্পিডবোটই ডুবে গেল এবং মারাও গেল অনেক পাকসেনা। বাকি লঞ্চ দুটো থেকে গোলাবর্ষণ করতে করতে পাকিস্তানি সৈন্যরা পিছু হটতে থাকে। কিন্তু হঠাত্ একটা গোলা এসে পড়ল তাঁর ওপর। তিনি শহীদ হলেন। বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ। তিনি আমাদের গৌরব।

প্রশ্ন: কোথায় সিপাহি মুন্সি আবদুর রউফ অন্তিম শয়ানে শায়িত আছেন?
উত্তর: মাতৃভূমির মুক্তির লড়াইয়ে শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়ে শহীদ হন মুন্সি আবদুর রউফ। তিনি আমাদের গৌরব। রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন সিপাহি মুন্সি আবদুর রউফ। তিনি আমাদের অহংকার, আমাদের বীরশ্রেষ্ঠ।

প্রশ্ন: রুহুল আমিন কাদের হাতে শহীদ হয়েছিলেন কীভাবে?
উত্তর: স্বদেশ ও স্বজাতির জন্য আত্মত্যাগের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ডিসেম্বরের ১০ তারিখ। মুক্তিযুদ্ধ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ আর পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। পরবর্তী লক্ষ্য খুলনা দখল করা। ভৈরব নদী বেয়ে জাহাজ দুটি খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি আসতেই একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশ থেকে ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে ওঠেন। বোমার আঘাত থেকে রক্ষা পেলেও তিনি রক্ষা পাননি রাজাকারদের হাত থেকে। নদীর তীরে অবস্থানরত রাজাকার-আলবদররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। তিনি শহীদ হন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা