
কাঁকনমালা আর কাঞ্চনমালা
প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে বাংলা বিষয়ের ‘কাঁকনমালা আর কাঞ্চনমালা’ গল্প। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।
প্রশ্ন: কাঞ্চনমালা কোথায় অচেনা মানুষের দেখা পায়?
উত্তর: একদিন নকল রানি কাঞ্চনমালাকে একরাশ কাপড় ধুতে নদীর ঘাটে পাঠায়। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা চোখের জলে বুক ভাসিয়ে নদীর ঘাটের দিকে এগোতে থাকে। এমন সময় বনের পাশের গাছতলায় কাঞ্চনমালা এক অচেনা মানুষের দেখা পায়।
প্রশ্ন: অচেনা মানুষ কীভাবে সুচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে?
উত্তর: ছড়ার ছন্দে অচেনা মানুষ যখন অনেক সুচ চাইতে থাকে, তখন কাঞ্চনমালা তাকে সুচ দেওয়ার কথা বলে। অচেনা মানুষটিও সুচ নেওয়ার জন্য কাঞ্চনমালার সঙ্গে যায়। যেতে যেতে কাঞ্চনমালা অচেনা মানুষটির কাছে তার দুঃখের কাহিনি বলে। সব শুনে সেই অচেনা মানুষটি রাজপুরীতে এসে সুচ প্রসঙ্গে না গিয়ে কৌশলে নকল রানি কাঁকনমালা আর আসল রানি কাঞ্চনমালাকে পিঠা বানাতে ফরমাশ দেয়।
কাঁকনমালার পিঠা হয় বিস্বাদ। আর কাঞ্চনমালার পিঠা হয় সুস্বাদু। একইভাবে কাঁকনমালা আর কাঞ্চনমালা উঠানে নকশা আঁকতে যায়। কাঁকনমালার নকশা হয় একেবারে আজেবাজে। আর কাঞ্চনমালা নকশা হয় চোখ জুড়ানো। তখন লোকে বুঝতে পারে কে আসল রানি আর কে নকল রানি।
ধরা পড়ে গিয়ে কাঁকনমালা জল্লাদকে হুকুম দেয় অচেনা মানুষ আর কাঞ্চনমালার গর্দান নিতে। জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষটি মন্ত্র পড়ে সুতা দিয়ে প্রথমে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তারপর আরেক মন্ত্রের বলে রাজার শরীর থেকে সব সুচ বেরিয়ে নকল রানির চোখে মুখে বিঁধে যায়। এভাবে অচেনা মানুষ সুচরাজা ও কাঞ্চনমালাকে উদ্ধার করে।
প্রশ্ন: কাঞ্চনমালা কী কী পিঠা বানায়?
উত্তর: অচেনা মানুষটির ফরমাশে কাঁকনমালা ও কাঞ্চনমালা নানা ধরনের পিঠা বানায়। কাঞ্চনমালার তৈরি পিঠাগুলো হলো! চন্দ্রপুলী, মোহনবাঁশী, ক্ষীর মুরলি।
প্রশ্ন: কার আলপনা দেওয়া ভালো হয়েছিল? কেন?
উত্তর: কাঞ্চনমালার আলপনা দেওয়া ভালো হয়েছিল। কারণ, কাঞ্চনমালা হলো সত্যিকারের রানি, আর সত্যিকারের রানির রুচিবোধ, সৌন্দর্যবোধ ও শৈল্পিক গুণাবলি স্বাভাবিকভাবেই দাসীর রুচিবোধের চেয়ে অনেক অনেক গুণ বেশি। কাঁকনমালার খাবলা খাবলা রং লেপা কোনো আলপনার পর্যায়েই পড়ে না। আর কাঞ্চনমালার পদ্মলতা, সোনার সাত কলস, ধানের ছড়া, ময়ূর পুতুলের আলপনা ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।
প্রশ্ন: কীভাবে লোকেরা নকল রানিকে বুঝে ফেলল?
উত্তর: অচেনা মানুষটির ফরমাশে কাঁকনমালা আর কাঞ্চনমালা পিঠা তৈরি করে আর উঠানে আলপনা আঁকে। কাঁকনমালার তৈরি পিঠা ছিল বিস্বাদ এবং আলপনা আঁকছিল অসুন্দর। অন্যদিকে কাঞ্চনমালার তৈরি পিঠা ছিল সুস্বাদু এবং আলপনা আঁকাও ছিল চমৎকার। দুজনের পিঠা তৈরি ও আলপনা আঁকার ধরণ দেখে লোকেরা বুঝে ফেলল, কে আসল রানি আর কে দাসী।
প্রশ্ন: রাজা কীভাবে তার প্রতিজ্ঞা পালন করল?
উত্তর: অচেনা মানুষটি কৌশলে রাজার সব সুচ নকল রানির গায়ে বিঁধিয়ে দেওয়ার পর রাজা চোখ মেলে। বহু বছর পর রাজা দেখে সূর্যের আলো, সবুজ পাতা আর সামনে দেখে সেই অচেনা মানুষটিকে।
একনজরেই রাজা চিনতে পারে, ওই মানুষটি আর কেউ নয়, রাজার ছেলেবেলার রাখাল বন্ধু। সঙ্গে সঙ্গে ছেলেবেলার প্রতিজ্ঞার কথাও তার মনে পড়ে যায়। রাখাল বন্ধুকে দুই হাতে জড়িয়ে ধরে রাজা তার ভুলের জন্য ক্ষমা চাইল। আর সেই দিন থেকে রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে রাজা তার প্রতিজ্ঞা পালন করল।
প্রশ্ন: অচেনা মানুষ যে ব্রতটার কথা বলে তার নাম কী? এই ব্রতের দিন রানিদের কী করতে হয়?
উত্তর: অচেনা মানুষ যে ব্রতটার কথা বলে, তার নাম হলো পিটকুড়ুলির ব্রত। এই দিনটি বড় শুভদিন। এই ব্রতের দিন রানিদের পিঠা বিলাতে হয়। এই পিঠা বিলানো পিটকুড়ুলি ব্রতর নিয়ম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা