বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রার্থনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের প্রার্থনা কবিতার প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও।
প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় কবি কেন আল্লাহর গুণগান করেছেন?
উত্তর: সৃষ্টিকর্তা মহান, উদার, অসীম শক্তির অধিকারী। তিনি সর্বশক্তিমান। ভুলভ্রান্তির পথ, থেকে একমাত্র তিনিই আমাদের রক্ষা করতে পারেন। এ কারণেই কবি ‘প্রার্থনা’ কবিতায় মহান আল্লাহ-তায়ালার গুণগান করেছেন।
প্রশ্ন: আমরা কার গুণগান করি এবং কার কাছে প্রার্থনা জানাই?
উত্তর: আল্লাহ মহান। তিনি এ পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি আমাদের দয়া করেন। তিনি অসীম শক্তির অধিকারী। আমরা স্রষ্টার কাছে প্রার্থনা জানাই। তাই আমরা মহান সৃষ্টিকর্তার গুণগান করি।
প্রশ্ন: ‘অনন্ত অসীম প্রেমময় তুমি’—এ চরণ পড়ে আমরা কী বুঝি?
উত্তর: এ চরণ পড়ে আমরা বুঝি যে সৃষ্টির প্রতি সৃষ্টিকর্তার ভালোবাসা ও দয়ার কোনো কমতি নেই, সীমা নেই। তিনি আমাদের ভালোবাসেন বলে আমাদের জন্য এ সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন।
প্রশ্ন: আমরা কেন সৃষ্টিকর্তার কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি?
উত্তর: সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ও দয়াময়। তিনি আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা আমরা যেন সঠিক, সুন্দর ও ন্যায়ের পথে চলতে পারি। তাই আমরা তাঁর কাছে করুণা ও শক্তি প্রার্থনা করি।
প্রশ্ন: আমরা কোন পথে চলতে চাই না? কেন?
উত্তর: যে পথে রয়েছে সৃষ্টিকর্তার অভিশাপ, যে পথ ভুল ও পরিতাপের, সে পথে আমরা চলতে চাই না। এতে আল্লাহর সন্তুষ্টি নেই।
প্রশ্ন: অভিশপ্ত ও ভ্রান্ত পথে চললে আমাদের কী কী ক্ষতি হতে পারে? কেন তা আমাদের পরিহার করা উচিত?
উত্তর: যে পথে চলা আমাদের জীবনের জন্য ক্ষতিকর, তাই ভুল পথ। ভুল পথে চলা আমাদের কারও উচিত নয়। অভিশপ্ত ও ভ্রান্ত পথে চললে আমাদের যেসব ক্ষতি হতে পারে, তা নিচে দেওয়া হলো:
১. বিপদে পড়ার আশঙ্কা থাকে
২. জীবনে সফলতা লাভ করা যায় না
৩। শত্রুরা ক্ষতি করার সুযোগ পায়
৪। স্বাভাবিক জীবনযাপনের আনন্দ থেকে বঞ্চিত হতে হয়
৫। কখনো কখনো মৃত্যুও হতে পারে
তাই, আমাদের সব সময় অভিশপ্ত ও ভুল পথ পরিহার করে চলা উচিত।
প্রশ্ন: সৃষ্টিকর্তার কাছে আমরা কী প্রার্থনা করি?
উত্তর: আমরা যেন ভুল পথ পরিহার করে সহজ-সরল সঠিক পথে চলতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাদের সরল-সঠিক পথে চলার সাহস দেন। বিপদে পড়লে আমরা যেন মুক্ত হতে পারি। আর জগতের সবাই যেন সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে। এসব প্রার্থনাই আমরা সৃষ্টিকর্তার কাছে করি।
প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতার ‘মূলভাব’ নিজের ভাষায় লেখো।
উত্তর: কবি গোলাম মোস্তফা ‘প্রার্থনা’ কবিতার আলোকে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তা আমাদের সব কিছুর স্রষ্টা। পৃথিবীতে যত ধর্মপ্রাণ মানুষ আমাদের আগে এসেছিলেন, আমরা যেন তাঁদের দেখানো পথে চলতে পারি। এ কথাটিই কবি ‘প্রার্থনা’ কবিতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন।
প্রশ্ন: ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো:
যত গুণগান হে চির মহান
দ্যুলোক-ভূলোকে সবারে ছাড়িয়ে
তোমারি অন্তর্যামী।
বিচার দিনের স্বামী
তোমারি চরণে পড়ি লুটাইয়া
অনন্ত অসীম প্রেমময় তুমি।
খ. কবিতার অংশটুকু কোন কবিতার অংশ, তা লেখো।
গ. কবিতাটির কবির নাম কী?
ঘ. আমরা কার কাছে প্রার্থনা করি এবং কেন?
উত্তর: ক. নিচে কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখা হলো:
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী
যত গুণগান হে চির মহান
তোমারি অন্তর্যামী।
দ্যুলোক-ভূলোকে সবারে ছাড়িয়ে
তোমারি চরণে পড়ি লুটাইয়া।
খ. কবিতার অংশটুকু ‘প্রার্থনা’ কবিতার অংশ।
গ. কবিতাটির কবির নাম গোলাম মোস্তফা।
ঘ. আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। পরম করুণাময় সৃষ্টিকর্তা এ জগত্ সৃষ্টি করেছেন। তিনি প্রেমময় ও সর্বশক্তিমান। সৃষ্টিকর্তা তাঁর সৃষ্ট জীবনকে ভালোবাসেন। তিনি আমাদের শক্তি ও সাহস দিতে পারেন। এ জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা