বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্মরণীয় যাঁরা চিরদিন
প্রিয় শিক্ষার্থী, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর নতুন প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন: আমরা কাদের চিরদিন স্মরণ করে যাব? কেন?
উত্তর: মাতৃভূমির বিপদে যাঁরা এগিয়ে আসেন তাঁরা আমাদের কাছে চিরস্মরণীয়। ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। এ যুদ্ধ ও স্বাধীনতা লাভের পেছনে অনেক মহান মানুষের অসীম অবদান রয়েছে। চিন্তা, বুদ্ধি, মেধা, সময় ও অর্থ দিয়ে তাঁরা সব সময় মানুষের কল্যাণ চিন্তা করেছেন। স্বাধীনতার জন্য তাঁরা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আমরা তাঁদের চিরদিন স্মরণ করব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা অনেক মানুষকে হারিয়েছি, তাঁরা দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন। আমরা সে আদর্শকে অনুসরণ করব। নিজেদের আদর্শ মানুষরূপে গড়ে তোলার জন্য সেসব মানুষকে আমরা আদর্শরূপে গ্রহণ করব। এ জন্যই তাঁদের আমরা স্মরণ করে যাব।
প্রশ্ন: আমরা কীভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি?

উত্তর: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন ৩০ লাখ নিরীহ বাঙালি। ১৯৭১ সালে এ দেশের মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, সে যুদ্ধে শহীদ হয়েছিলেন অসংখ্য মানুষ। আজ আমরা যে স্বাধীনতা পেয়েছি, তা ওই সব শহীদদের অবদান। তাঁদের কাছে আমরা ঋণী, এ ঋণ শোধ করতে হলে আমাদের নিজেদের স্বার্থ চিন্তার পরিবর্তন করতে হবে। দেশের কল্যাণের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের পরিবর্তনের মাধ্যমে আমরা যদি দেশের সার্বিক কল্যাণ সাধন করতে পারি, তবেই শহীদদের ঋণ শোধ করা সম্ভব।
প্রশ্ন: জ্যোতির্ময় গুহঠাকুরতা কে ছিলেন? তিনি কীভাবে শহীদ হন?
উত্তর: জ্যোতির্ময় গুহঠাকুরতা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন শহীদ বুদ্ধিজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর বর্বর আক্রমণ চালায়। তারা এ দেশকে প্রতিভাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাড়িতেও হামলা চালায়। জ্যোতির্ময় গুহঠাকুরতাকে তারা টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে আনে। তারপর গুলি করে হত্যা করে। এভাবেই তিনি শহীদ হন।
প্রশ্ন: কোন তারিখে পাকিস্তানি সেনারা এ দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে?
উত্তর: পাকিস্তানি সেনারা ছিল নিষ্ঠুর, নির্মম। তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে।
প্রশ্ন: কোন সাংবাদিক কবি হিসেবেও চমত্কার ছিলেন?
উত্তর: সাংবাদিক মেহেরুন্নেসা কবি হিসেবেও চমত্কার ছিলেন।
প্রশ্ন: কে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন?
উত্তর: কুমিল্লার সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল