
মাটির নিচে যে নগর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে নগর’ রচনা থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
# সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লেখো।
প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম লেখো।
উত্তর: প্রাচীন বাংলায় নদীর তীরে বিভিন্ন নগর সভ্যতা গড়ে ওঠে। কালক্রমে এসব নগর সভ্যতা ভূমিকম্প, বন্যা-প্লাবন আর নদীভাঙনের কারণে ধ্বংস হয়। আবার অনেক সময় এসব নগর সভ্যতা মাটির নিচে চাপা পড়ে। বর্তমানে এসব নগর সভ্যতার অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। যেমন: কুমিল্লার লালমাই অঞ্চলের ময়নামতি, বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর, বগুড়ার মহাস্থানগড়, মধুপুরগড়, উয়ারী-বটেশ্বর উল্লেখযোগ্য।
প্রশ্ন: ‘মাটির নিচে যে নগর’ রচনা অনুসারে উয়ারী-বটেশ্বর প্রাচীন নগরের বর্ণনা লেখো।
উত্তর: উয়ারী-বটেশ্বরে প্রাচীনকালে এক উন্নত নগর সভ্যতা গড়ে ওঠে। এখানে গাড়ি চলার মতো শক্ত রাস্তা, দুর্গের প্রাচীর ঘের দেওয়ার মতো দেয়াল ছিল। সিঁড়ির ধাপ বসানো ওপর ও নিচতলার ঘর পাওয়া যায়। সম্ভবত এই সভ্যতাটি রাজধানী ছিল। প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের আয়তনের এই দুর্গ-নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট।
প্রশ্ন:উয়ারী-বটেশ্বরকে কেন সোনাগড়া বলা হয়, বর্ণনা করো?
উত্তর: উয়ারী-বটেশ্বর জায়গাটি অত্যন্ত সমৃদ্ধশীল আর সঠিক পরিকল্পনায় গড়ে তোলা হয়েছিল। প্রাচীনকালে এই সভ্যতাকে সোনাগড়া বলা হতো।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরের নিরাপত্তাব্যবস্থা কেমন ছিল?
উত্তর: মাটির নিচে যে নগরটি আবিষ্কৃত হয়, তা হলো উয়ারী-বটেশ্বর। এই দুর্গটি বাইরের শত্রু দ্বারা যেন ক্ষতিগ্রস্ত বা আক্রমণ না হয়, তার শক্ত ব্যবস্থা বিদ্যমান ছিল।
প্রশ্ন: মহাস্থানগড় কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীন নগর সভ্যতা। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত।
প্রশ্ন: ময়নামতি কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: ময়নামতি বাংলাদেশের একটি প্রাচীন নগর সভ্যতায় সমৃদ্ধ এলাকা। ময়নামতি কুমিল্লার লালমাই অঞ্চলে অবস্থিত।
প্রশ্ন: পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর: পাহাড়পুর বাংলাদেশের একটি প্রধান প্রাচীন নগর সভ্যতা। পাহাড়পুর বরেন্দ্র অঞ্চলের নওগাঁ জেলায় অবস্থিত।
প্রশ্ন: কত শতকে গঙ্গা নদীর উপত্যকায় মানুষের বসতি ছিল?
উত্তর: প্রাচীনকালে নদীর তীরে গড়ে ওঠে বিভিন্ন সভ্যতা। খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমান গঙ্গা নদীর উপত্যকায় সুসভ্য মানুষের বসতি ছিল।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর থেকে কে মুদ্রা সংগ্রহ করেন?
উত্তর: উয়ারী-বটেশ্বরে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। উয়ারী-বটেশ্বর থেকে প্রথমে এখানকার স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা