বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননকাজের একটি দৃশ্য
উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননকাজের একটি দৃশ্য

মাটির নিচে যে নগর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘মাটির নিচে যে নগর’ রচনা থেকে প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে নিচের অনুচ্ছেদ দু’টি পুনরায় লেখো।
১. আসলে উয়ারী ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত ১৯৩৩ সালে উয়ারী গ্রামে শ্রমিকেরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পান স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন।
উত্তর: আসলে উয়ারী ও বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামে প্রায়ই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। ১৯৩৩ সালে উয়ারী গ্রামে শ্রমিকেরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পান। স্থানীয় স্কুলশিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন।

২. প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য প্রস্থের আয়তনের এই দুর্গ নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট খুব পাকা প্রকৌশলীরা এটি গড়ে থাকবেন বাইরের কেউ যেন আক্রমণ করে দখল করতে না পারে সে রকম শক্ত ব্যবস্থা দেখা যায়।
উত্তর: প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্য-প্রস্থের আয়তনের এই দুর্গ-নগরটি ছিল নানা দিক থেকে বিশিষ্ট। খুব পাকা প্রকৌশলীরা এটি গড়ে থাকবেন। বাইরের কেউ যেন আক্রমণ করে দখল করতে না পারে, সে রকম শক্ত ব্যবস্থা দেখা যায়।

প্রশ্ন: নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।
১. বিস্তীর্ণ অঞ্চল জুড়িয়া ছিল সুসভ্য মানুষজনের বসবাস।
২. আমরা তা জানতে পারিয়াছি।
৩. পূর্ব-দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হইয়া এখানকার ব্যবসা-বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল বলিয়া মনে হয়।
৪. ঐতিহাসিকদের ধারণা; ব্রহ্মপুত্র নদ হইয়া বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য চলিত।
৫. নদীতে নৌকা চলিতেছে।
উত্তর: ১. বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস।
২. আমরা তা জানতে পেরেছি।
৩. পূর্ব-দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা-বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল বলে মনে হয়।
৪. ঐতিহাসিকদের ধারণা, ব্রহ্মপুত্র নদ হইয়া বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য চলত।
৫. নদীতে নৌকা চলছে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা