রচনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের একটি রচনা দেওয়া হলো।
আমাদের জাতীয় দিবস
ভূমিকা: আমাদের জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি, ছব্বিশে মার্চ, ষোলোই ডিসেম্বর প্রভৃতি একেকটি স্মরণীয় দিন। প্রতিবছরই আমরা এ দিনগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
একুশে ফেব্রুয়ারি: একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক উল্লেখযোগ্য দিন। ১৯৫২ সালের এই দিনে তরুণেরা বুকের তাজা রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা। বিশ্বে ভাষার জন্য জীবন দানের এটি প্রথম ও অনন্য ঘটনা। এ ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
ছাব্বিশে মার্চ: ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হঠাত্ আক্রমণ চালায়। এদের প্রতিহত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। নয় মাসের যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এ জন্য আমরা প্রতিবছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালন করি।
ষোলোই ডিসেম্বর: ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলেও বাঙালি জাতি তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এ জন্য তারা বারবার সমবেতভাবে প্রতিবাদ জানায়। একপর্যায়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তান বাহিনী বাঙালি নিধনযজ্ঞ শুরু করে। অবশেষে দীর্ঘ নয় মাসের যুদ্ধে গৌরবোজ্জ্বল পরিসমাপ্তির মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা—আমাদের বিজয় দিবস।
উপসংহার: প্রতিটি জাতীয় দিবসই আমাদের গর্ব—আমাদের অহংকার। এ দিবসগুলো আমাদের সংগ্রামী চেতনার উত্স, আমাদের জাতীয় ঐতিহ্যের ধারক ও বাহক। প্রতিবছরই আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিবসগুলো পালন করি।