বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের একটি রচনা দেওয়া হলো।

বাংলাদেশের জাতীয় ফুল: শাপলা

শাপলা
শাপলা

ভূমিকা: পৃথিবীর প্রায় সব দেশেই এক বা একাধিক ফুলকে বিশেষ মর্যাদা দিতে দেখা যায়। জাপানের সঙ্গে চেরি এবং ইরানের সঙ্গে গোলাপ প্রায় একাত্ম হয়ে আছে। কোনো কোনো দেশ ফুল বিশেষকে জাতীয় ফুল হিসেবে চিহ্নিত করেছে।
যেমন: ইংল্যান্ডের গোলাপ এবং ভারতের পদ্ম। তেমনি আমাদের বাংলাদেশে জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে সাদা শাপলা।
ফুলের বর্ণনা ও সৌন্দর্য: শাপলা একটা পদ্মগোত্রীয় ফুল। একটি দণ্ডের ওপর ফুটে ওঠে। এ ফুল এক স্তবকে কয়েকটি পাপড়ি থাকে। আর মাঝখানে থাকে হলুদ রঙের পরাগদানি, পরাগ, কেশর ইত্যাদি। শাপলার দণ্ডটি অত্যন্ত নরম। এর দণ্ড কখনো পানির ওপর দেখতে পাওয়া যায় না। পানির নিচেই তার দণ্ড অবস্থান করে। বাংলাদেশের এমন অঞ্চল নেই, যেখানে শাপলা ফুল দেখা যায় না। টলটলে পানির বুকে যখন অসংখ্য শাপলা ফুল ফোটে। বাতাসে যখন সেই ফুল সামান্য দোল খায়, তখন সে দৃশ্য হয় অতুলনীয়।
প্রকারভেদ: শাপলা একটা জলজ ফুল। এ ফুলটি আমাদের সবার কাছে খুবই পরিচিত। আমাদের দেশে তিন রঙের শাপলা জন্মে থাকে। যেমন: সাদা, লাল ও নীল। এর মধ্যে সাদা শাপলাই সবচেয়ে বেশি দেখা যায়। এ শাপলাই আমাদের জাতীয় ফুল।
যেভাবে পাওয়া যায়: বাংলাদেশ নদীবহুল এবং হাওড়, বিল, দিঘি, পুকুরের দেশ। তাই সর্বত্রই স্বাভাবিকভাবে অসংখ্য শাপলা ওই স্থানগুলোতে প্রস্ফুটিত হয়ে থাকে। বর্ষাকালেই এ ফুলের প্রাচুর্য বেশি। শীতকালে শাপলাগাছ মরে গিয়ে মাটিতে মিশে যায়। বেঁচে থাকে শুধু মাটির নিচে এর মূল। বৃষ্টির আমেজ পেলেই সে মূল থেকেই নতুন গাছ জন্মায় এবং তাতে আবার নতুন করে ফুল ফোটে।

উপসংহার: শাপলা ফুলের সৌন্দর্য জলজ ফুলের মধ্যে অতুলনীয়। তাই শাপলাকে আমাদের জাতীয় ফুল হিসেবে ঘোষিত হয়েছে।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা