বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রৌদ্র লেখে জয়

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘রৌদ্র লেখে জয়’ কবিতা থেকে সঠিক উত্তর ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো।

১. কবি শামসুর রাহমান কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯২৬ খ. ১৯২৭ গ. ১৯২৮ ঘ. ১৯২৯

২. কবি শামসুর রাহমান কোথায় জন্মগ্রহণ করেন?

ক. ঢাকা খ. নরসিংদী

গ. কুমিল্লা ঘ. নেত্রকোনা

৩. ‘রৌদ্র লেখে জয়’ কবিতার মূলভাব—

ক. বাংলাদেশের রূপবৈচিত্র্য

খ. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বর্ণনা

গ. বাংলাদেশের সৌন্দর্য বর্ণনা

ঘ. মানুষের অবদান বর্ণনা

৪. কোন ঘটনার ওপর ভিত্তি করে ‘রৌদ্র লেখে জয়’ কবিতাটি রচিত?

ক. স্বাধীনতাযুদ্ধ খ. ভাষা-আন্দোলন

গ. গণ-অভ্যুত্থান ঘ. স্বৈরাচার পতন

৫. বর্গিদের সঙ্গে কাদের তুলনা করা যায়?

ক. মুক্তিযোদ্ধাদের খ. হানাদারদের

গ. রাজাকারদের ঘ. মুক্তিসেনাদের

৬. বর্গিদের সঙ্গে কোনটির সাদৃশ্য পাওয়া যায়?

ক. লুটতরাজ খ. আন্দোলন

গ. চুরি ঘ. ডাকাতি

উত্তর: ১. ঘ. ১৯২৯;

২. ক. ঢাকা    

৩. খ. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বর্ণনা

৪. ক. স্বাধীনতাযুদ্ধ

৫. খ. হানাদারদের

৬. ক. লুটতরাজ।

সংক্ষেপে উত্তর লেখো।

প্রশ্ন: নীল আকাশে কী পাখা মেলে?

উত্তর: পায়রা শান্তির প্রতীক। স্বাধীনতার প্রতীক। এ দেশ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর শত্রুমুক্ত হয়। এ দেশের আকাশও মুক্ত হয়। স্বাধীন দেশের নীল আকাশে পায়রা পাখা মেলে।

প্রশ্ন: পরাজয়ের পর কী আসে?

উত্তর: আঁধারের পর যেমন আলো আসে। তেমনি পরাজয়ের পর জয় আসে।

প্রশ্ন: রৌদ্র কী লেখে?

উত্তর: রৌদ্র জয়ের প্রতীক। এ রৌদ্র বাঙালির জয় লেখে।

প্রশ্ন: দেশের মাটি কী হয়ে যায়?

উত্তর: মা আমাদের লালন-পালন করেন। আমাদের মানুষের মতো মানুষ করে তোলেন। মায়ের মতো দেশও আমাদের প্রকৃতির বুকে আশ্রয় দেয়। তাই দেশের মাটি মা হয়ে যায়।

প্রশ্ন: শহর গ্রাম পুড়ল কেন? বুঝিয়ে লেখো।

উত্তর: অনেক আগে বর্গিরা বাংলায় আক্রমণ করত। তারা মানুষ মারত। ধনসম্পদ লুট করত। যাওয়ার সময় শহর গ্রামে আগুন জ্বালিয়ে দিত। এই বর্গিদের মতো ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা এ দেশের শহর গ্রাম জ্বালিয়ে দিত। এভাবেই শহর গ্রাম পুড়ল।

প্রশ্ন: মুক্তিসেনাদের কথা মানুষ ভুলবে না কেন? ব্যাখ্যা করো।

উত্তর: ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা এ দেশের মানুষের ওপর হঠাত্ আক্রমণ চালায়। শহর গ্রাম জ্বালিয়ে দেয়। মানুষকে নির্মমভাবে হত্যা করে। হানাদারদের এ অন্যায়ের প্রতিবাদ জানায় মুক্তিসেনারা। তারা ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে। হানাদারদের পরাজিত করে এ দেশ থেকে তাড়িয়ে দেয়। এ কারণে মুক্তিসেনাদের মানুষ ভুলবে না।

প্রশ্ন: হানাদারদের নির্যাতন কেমন ছিল?

উত্তর: হানাদারদের অত্যাচার বর্গিদের নির্যাতনকেও হার মানিয়েছিল। হানাদাররা মা-বোনের সম্ভ্রমহানি করেছিল। লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছিল।

প্রশ্ন: হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিসেনার যুদ্ধ করার কারণ লেখো।

উত্তর: পশ্চিম পাকিস্তানের শাসকরা ছিল অত্যাচারী। তারা পূর্ব পাকিস্তানের মানুষদের ওপর বৈষম্যমূলক আচরণ করত। পূর্ব পাকিস্তানিদের কোনো স্বাধীনতা দিত না। এ দেশের ধনসম্পদও নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে। এ দেশের মানুষকে ক্রীতদাস মনে করত। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানিরা এ দেশের ওপর আক্রমণ করে। বাঙালি জাতি তথা মুক্তিসেনারা সেদিন হানাদাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক

আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা