
রৌদ্র লেখে জয়
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘রৌদ্র লেখে জয়’ কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে বাংলাদেশ নামে এক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে আগে এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এ দেশের বীর বাঙালি মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন এ বীরদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে
উত্তর: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে বাংলাদেশ নামের এক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এ দেশের বীর বাঙালি মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। এ বীরদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে।
প্রশ্ন: ক. নিচের কবিতার চরণগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
কাল যেখানে পরাজয়ের
আজ সেখানে আলো।
কাল যেখানে আঁধার ছিল
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে ভালো।
কাল যেখানে মন্দ ছিল,
ক) কবিতার চরণগুলো সাজিয়ে লেখো।
খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো।’ কথাটির অর্থ কী?
উত্তর: ক) নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো।
কাল যেখানে আঁধার ছিল
আজ সেখানে আলো।
কাল যেখানে মন্দ ছিল,
আজ সেখানে ভালো।
কাল যেখানে পরাজয়ের
কালো সন্ধ্যা হয়,
খ) কবিতাংশটুকু ‘রৌদ্র লেখে জয়’ কবিতার অংশ।
গ) কবিতাটির কবির নাম শামসুর রাহমান।
ঘ) ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। পাকিস্তানিরা এ দেশের মানুষের ওপর নানা রকম অত্যাচার ও নির্যাতন চালাত। কিন্তু বাংলার মানুষ তাদের অত্যাচার মেনে না নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত হয় আমাদের এ স্বাধীনতা। বাংলাদেশের আকাশ থেকে অত্যাচারীর কালো মেঘ সরে গিয়ে নীল আকাশে ছড়িয়ে পড়ে স্বাধীন সূর্যের আলো। কবি এ বিষয়টি বোঝাতে আলোচ্য উক্তিটি করেছেন।
প্রশ্ন: এক কথায় প্রকাশ করো।
হানা দেয় যে, দেশকে মুক্ত করে যে সেনা, যার সর্বস্ব হারিয়ে গেছে, মারাঠা দস্যু, হনন করার ইচ্ছা।
উত্তর:
বাক্য - এক কথায় প্রকাশ
হানা দেয় যে - হানাদার
দেশকে মুক্ত করে যে সেনা - মুক্তিসেনা
যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা
মারাঠা দস্যু - বর্গি
হনন করার ইচ্ছা - জিঘাংসা
প্রশ্ন: নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো।
ক) বর্গীরা ছিল প্রাচীন বাংলার মানুষের আতঙ্ক।
খ) সরকার খাজনা থেকে অনেক টাকা আয় করে।
গ) চিত্রার একটি পুরাতন জামা আছে।
ঘ) ফাহাদের সাদা রঙের গাড়ি আছে।
ঙ) গ্রামে বেড়াতে যাব।
উত্তর: ক) বর্গীরা আধুনিক বাংলার মানুষের আতঙ্ক নয়।
খ) সরকার খাজনা থেকে অনেক টাকা ব্যয় করে।
গ) চিত্রার একটি নতুন জামা আছে।
ঘ) ফাহাদের কালো রঙের গাড়ি আছে।
ঙ) শহরে বেড়াতে যাব।
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা