১৪ নম্বর প্রশ্ন: আবেদনপত্র
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে আবেদনপত্র বা চিঠিপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। আজ দুটি আবেদনপত্রের নমুনা দেওয়া হলো।
# মনে করো তোমার নাম রহিমা/রহিম। তুমি সুতানগর প্রাথমিক বিদ্যালয়ে পড়। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁ দেখতে যাওয়ার অনুমতি প্রদানের জন্য প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ২৮-০৮-২০১৫
বরাবর
প্রধান শিক্ষক
সুতানগর প্রাথমিক বিদ্যালয়, রংপুর।
বিষয়: লোকশিল্প জাদুঘর দেখতে যাওয়ার অনুমতি প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে আমাদের জ্ঞান অতি অল্প। তাই লোকশিল্প সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়ার জন্য আমরা সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে পরিদর্শনে যাওয়ার ইচ্ছা পোষণ করছি।
অতএব, আমাদের সোনারগাঁ লোকশিল্প জাদুঘরে পরিদর্শনে যাওয়ার অনুমতি প্রদান করে লোকশিল্প সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করতে সুযোগ দেওয়ার জন্য আপনার নিকট সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি।
নিবেদক
আপনার অনুগত শিক্ষার্থীদের পক্ষে
রহিম/রহিমা
পঞ্চম শ্রেণি, সুতানগর প্রাথমিক বিদ্যালয়, রংপুর।
# মনে করো তোমার নাম জেরিন আক্তার/জামির আলম। বিদ্যালয়ের চারপাশে বনায়ন কর্মসূচি গ্রহণের আবেদন জানিয়ে তোমার প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো।
তারিখ: ২৮-০৮-২০১৫
বরাবর,
প্রধান শিক্ষক
নাগরপুর প্রাথমিক বিদ্যালয়, নাগরপুর, টাঙ্গাইল।
বিষয়: বনায়ন কর্মসূচি গ্রহণের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমরা লক্ষ করছি যে আমাদের বিদ্যালয়ের চারপাশে অনেক খালি জায়গা অনেক দিন যাবত্ পতিত অবস্থায় আছে। কিন্তু আমরা যদি এসব জায়গায় বনায়ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষ রোপণ করি তাহলে অদূর ভবিষ্যতে বিদ্যালয় যেমন আর্থিকভাবে উপকৃত হবে, তেমনি বর্তমানে আমরা মানুষের জীবন রক্ষাকারী প্রচুর অক্সিজেনও পাব। যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
অতএব, এসব পতিত জমিতে বনায়ন কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয় এবং পরিবেশের উপকারে সহায়ক ভূমিকা রাখার জন্য জনাবের নিকট বিনীত প্রার্থনা করছি।
নিবেদক
ছাত্রছাত্রীদের পক্ষে
জেরিন আক্তার/জামির আলম, পঞ্চম শ্রেণি, নাগরপুর প্রাথমিক বিদ্যালয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা