১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি চিঠির নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম ইমন/লিমা। গত সপ্তাহে তুমি কম্পিউটার মেলায় ঘুরে এসেছ। এখন তোমার দেখা কম্পিউটার মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধু তমাল/তমার কাছে একটি পত্র লেখো।
তারিখ: ১১/০৯/২০১৫
২/১ কমলাপুর, ঢাকা
প্রিয় তমাল,
শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। আজ সকালে তোমার চিঠি পেয়েছি। সময়ের অভাবে ঢাকার কম্পিউটার মেলায় তুমি আসতে পারনি। তাই কম্পিউটার মেলা সম্পর্কে তুমি জানতে চেয়েছ। এবার ঢাকার আগারগাঁওয়ে কম্পিউটার মেলা বসেছিল। আয়োজন ছিল চমত্কার। মেলায় ছোট-বড় মিলিয়ে ৫০টি স্টল ছিল। হার্ডওয়্যার ও সফটওয়্যারের স্টলে বেশি মানুষের ভিড় ছিল। কম্পিউটার কত ধরনের হতে পারে, মেলায় গিয়ে বেশ ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করেছি। আমি একটি ছোট ল্যাপটপ কিনেছি। আজ আর নয়। ঢাকায় কবে আসছ? চিঠি দিয়ো।
ইতি তোমার বন্ধু
ইমন/লিমা।
# মনে করো তোমার নাম সুমন/সুমি। তোমার পত্রমিতার নাম ইসুজু/কিমিকো। সে জাপানে থাকে। তোমার বিদেশী বন্ধু ইসুজু/কিমিকোকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে একটি চিঠি লিখ।
তারিখ: ১১/০৯/২০১৫
৪/৩ খিলগাঁও, ঢাকা
প্রিয় ইসুজু,
শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছ। বাংলা ভাষায় লেখা তোমার চমত্কার চিঠিটি পেয়েছি। চিঠিতে তুমি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছ।
তুমি তো জানো, আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ছয় ঋতুর ছয়টি রূপে অপরূপা আমাদের এই দেশের প্রকৃতি। সবুজ মাঠ, অবারিত ধানক্ষেত, নদী-নালা, খাল-বিল আর পাহাড়চেরা ঝর্ণাধারার প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ। এ দেশের কক্সবাজার সমুদ্রসৈকত পৃথিবীর সর্ববৃহত্ সমুদ্রসৈকত। তুমি ঢাকায় এলে আমরা কক্সবাজার সমুদ্রসৈকতে অবশ্যই বেড়াতে যাবো। কবে আসছ? জানাবে।
চিঠি লিখো। ভালো থেকো।
ইতি তোমার বন্ধু
সুমন/সুমি।
# মনে করো তোমার নাম সৌরভ/সুজানা। তুমি ঢাকায় লেখাপড়া করছ। তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার মায়ের নিকট একটি পত্র লেখো।
তারিখ: ১১/০৯/২০১৫
১০৫৫ গোড়ান, ঢাকা।
শ্রদ্ধেয় মা,
আমার সালাম গ্রহণ করবেন। গতকাল আপনার পত্র পেয়েছি। আপনি আমার জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জীবনের লক্ষ্য কী, তা এখন আপনাকে জানাচ্ছি। আমি একজন ডাক্তার হতে চাই। কারণ, আমি মনে করি, মানুষের সেবা করার অনন্য সুযোগ অন্য কোনো পেশায় নেই।
গ্রামের অনেক লোক চিকিত্সার অভাবে মারা যায়। আমি আমার পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তাদের সেবা দিতে চাই। তাই আমি ডাক্তার হওয়ার দৃঢ় ইচ্ছা লালন করছি। আজ আর নয়। আমার জন্য দোয়া করবেন। আপনি কেমন আছেন জানাবেন।
ইতি আপনার স্নেহের
সৌরভ/সুজানা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল