১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি চিঠির নমুনা দেওয়া হলো।
# মনে করো তোমার নাম হামিম/হাসু। তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বর্ণনা দিয়ে তোমার বন্ধু ইসহাক/ইমুকে একটি চিঠি লেখো।
তারিখ: ১২/০৯/২০১৫
১৩/২ তেজগাঁও, ঢাকা
প্রিয় ইসহাক,
শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। ২১ ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ে উদ্যাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেদিনের কথা জানাতেই আজ তোমাকে লিখছি।
তুমি তো জান, একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে নিজের মর্যাদায় প্রতিষ্ঠিত করার আন্দোলনে শহিদ হয়েছেন সালাম, জব্বার, রফিক, বরকত, শফিউরসহ নাম না-জানা বাংলা মায়ের অনেক ছেলে। ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে এই দিনটি আজ পৃথিবীর মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত।
এই দিন খুব সকালে আমরা ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যালয় আঙিনায় স্থাপিত শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে হয় আলোচনা সভা। বিকেল তিনটায় অনুষ্ঠিত হয় ‘একুশ আমার অহংকার’ শীর্ষক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের প্রধান শিক্ষক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আজ আর নয়, ভালো থেকো।
ইতি
তোমার বন্ধু
হামিম/হাসু।
# মনে করো, তোমার নাম সূচনা/সুবীর, নীলগঞ্জ গ্রামে তোমার বাড়ি। ঢাকায় থাকে তোমার বন্ধু শান্তা/সুজন। এখন, তোমার এলাকার একজন পেশাজীবী সম্পর্কে শান্তা/সুজন এর নিকট একটি পত্র লেখো।
তারিখ: ১২/০৯/২০১৫
নীলগঞ্জ, ময়মনসিংহ
প্রিয় শান্তা/সুজন,
শুভেচ্ছা নিও। তোমার চিঠি পেয়েছি। আমার এলাকার পেশাজীবী সম্পর্কে তোমার জানার আগ্রহ আমাকে আনন্দিত করেছে।
তুমি তো জানো, আমাদের গ্রামের অধিকাংশ লোক কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। আমাদের এলাকারও প্রধান পেশাজীবী মানুষ হলো কৃষক। ওদের জীবন বৈচিত্র্যে ভরা। ভোর না হতেই ওরা ফসল বোনা বা ফসল দেখাশোনা করার জন্য মাঠে ছুটে যায়। দিনরাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ওরা ফসল ফলায়।
এই কৃষকেরাই দেশের মানুষের খাদ্যের যোগান দেন। তাদের এই কৃষিকাজটি কঠিন সাধনার কাজ। আমি ওদের গভীর শ্রদ্ধা করি। দেশের মানুষও তাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসার উঁচুস্তরে আসন দিয়ে থাকে।
আজ আর নয়। তোমাদের এলাকার পেশাজীবী সম্পর্কে জানিও। ভালো থেকো।
ইতি
তোমারই বন্ধু
সূচনা/সুবীর।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা