পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
টানা ১৫ দিনের অনুশীলনের পর আজ হবে চূড়ান্ত খেলা। ফুটবল খেলা। সকাল আটটার মধ্যেই সবাই স্কুলে এসে হাজির। চতুর্থ আর পঞ্চম শ্রেণির ছাত্রদের মিলিয়ে দুটো দল। দুই দলেই ১১ জন করে খেলোয়াড়। বদলি খেলোয়াড় হিসেবে রয়েছে চারজন। এক দলের জার্সির রং সবুজ এবং অন্য দলের জার্সির রং লাল। খেলা নিয়ে সবার মধ্যেই টানটান উত্তেজনা। খালেক স্যার রেফারি। তাঁর গলায় ঝুলছে বাঁশি, বাঁ হাতে ঘড়ি। রাজ্জাক স্যার আর বাদল স্যার সহকারি রেফারি। তাঁদেরও গলায় ঝুলছে বাঁশি আর ডান হাতে পতাকা। ঠিক নয়টায় খেলা শুরু হবে। এরই মধ্যে স্কুলের সব শিক্ষক মাঠে পৌঁছে গেছেন। আজ খেলার দিন বলে স্কুলের ছাত্রছাত্রীরা নিজের পছন্দের পোশাক পরে খেলা দেখতে এসেছে। কয়েকজন ছাত্রছাত্রী ইউনিফর্ম পরে খেলার মাঠে এসেছে। এরা স্বেচ্ছাসেবী। মাঠের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এদের কাজ।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১–৫ = ৫
১. পাঠটি মূলত কোন বিষয় নিয়ে লেখা?
ক. খেলাধুলা খ. ফুটবল খেলা গ. ক্রিকেট খেলা ঘ. হাডুডু খেলা
২. চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে—
ক. আজ খ. আগামীকাল গ. দুই দিন পর ঘ. পাঁচ দিন পর
৩. কত দিন অনুশীলন করা হয়েছে?
ক. ১০ দিন খ. ১২ দিন গ. ১৫ দিন ঘ. ২০ দিন
৪. দুই দলে কতজন করে খেলোয়াড় থাকে?
ক. ৭ জন খ. ৯ জন গ. ১১ জন ঘ. ১৩ জন
৫. খেলার রেফারি কে?
ক. খালেক স্যার খ. বাদল স্যার গ. রাজ্জাক স্যার ঘ. মালেক স্যার।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. খ. ফুটবল খেলা ২. ক.আজ ৩. গ. ১৫ দিন ৪. গ. ১১ জন ৫. ক. খালেক স্যার।
৬। নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো:
শব্দ -শব্দার্থ
ঘড়ি- সময় দেখার যন্ত্র।
রেফারি- ফুটবল খেলার পরিচালক।
চ"ড়ান্ত- সর্বশেষ, চরম সীমা।
জার্সি- খেলার নির্ধারিত পোশাক।
বদলি -অতিরিক্ত।
ক. খালেক স্যারের বাঁ হাতে ছিল—।
খ. ফুটবল খেলায় একজন—থাকে।
গ. ফুটবল খেলার—সময় ৯০ মিনিট।
ঘ. দু’দলের খেলোয়াড়দের গায়ে ছিল দুটি ভিন্ন রঙের—।
ঙ. দুই দলেই—খেলোয়াড় রয়েছে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. খালেক স্যারের বাঁ হাতে ছিল ঘড়ি।
খ. ফুটবল খেলায় একজন রেফারি থাকে।
গ. ফুটবল খেলার চূড়ান্ত সময় ৯০ মিনিট।
ঘ. দু’দলের খেলোয়াড়দের গায়ে ছিল দুটি ভিন্ন রঙের জার্সি।
ঙ. দুই দলেই বদলি খেলোয়াড় রয়েছে।
৭। নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. পাঁচটি বাক্যে ফুটবল খেলায় রেফারি ও সহকারি রেফারির প্রয়োজনীয়তা লেখো।
খ. ফুটবল খেলা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
গ. ফুটবল খেলা চলার সময় রেফারি যেসব বিষয়ে খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণের জন্য বাঁশি ফুঁ দেন সে সব পাঁচটি বিষয়ের নাম উল্লেখ কর:
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
সব খেলারই একটি নিয়ম আছে। তেমনি ফুটবল খেলারও নিয়ম রয়েছে। সেই নিয়ম সঠিকভাবে পরিচালনা করতে হয়। তা না হলে খেলা সঠিকভাবে পরিচালিত হয় না, বরং বিশৃঙ্খলা দেখা দেয়। তাই ফুটবল খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রেফারি ও সহকারি রেফারি প্রয়োজন।
(খ)
ফুটবল খেলা আমাদের প্রিয় খেলা। এ খেলায় দুটি দল থাকে। প্রতি দলে ১১ জন করে খেলোয়াড় থাকে। বদলি খেলোয়াড় হিসেবে আরও কয়েকজন খেলোয়াড় থাকে। খেলা পরিচালনার জন্য একজন রেফারি ও দুজন সহকারি রেফারি থাকে। তারা সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করেন।
(গ)
ফুটবল খেলা চলার সময় রেফারি যে সব বিষয়ে খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করে বাঁশি ফুঁ দেন তার বিশেষ পাঁচটি বিষয় হলো: ১। ফাউল ২। কর্নার ৩। হ্যান্ডবল ৪। থ্রোইন ৫। অফসাইড।