পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ। ১৯৫২ সাল। ফাল্গুন মাস। বসন্তকাল। কোনো কোনো গাছ থেকে পাতা ঝরে পড়ছে। কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে। পলাশ ফুল ফুটেছে। বাগানে গাঁদা ও ডালিয়া ফুটে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। চারদিকে কেমন থমথমে ভাব। পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের। পাকিস্তান সরকার সে দাবি মানছে না। তারা চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে। বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে। তারা ১৪৪ ধারা জারি করে। পুলিশ চারজনের বেশি লোককে জড়ো হতে দিচ্ছে না। কিন্তু ছাত্র ও জনতা তা মানবে না। তারা মিছিল করবে। শোনা গেল, পুলিশ মিছিলে গুলি করতে পারে। কিন্তু টগবগে তরুণরা বেপরোয়া। তারা জীবন দেবে কিন্তু মায়ের ভাষার দাবি ছাড়বে না। তারা ১৪৪ ধারা ভঙ্গ করল। মিছিল বের হলো। পুলিশ গুলি করল। গুলিতে নিহত হলো অনেকে। রফিক, সালাম, বরকত, জব্বার এরকম অনেক নাম। তাঁরা আমাদের ভাষাশহিদ। তাই কবির ভাষায় বলতে পারি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি...’। একুশ আমার অহংকার, আমার গর্ব। তাইতো প্রতিবছর আমরা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৫ = ৫
১. এ অনুচ্ছেদটি কোন বিষয়ের ওপর লেখা?
ক. স্বাধীনতা আন্দোলন খ. স্বাধীকার আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন ঘ. ভাষা আন্দোলন
২. মিছিলে পুলিশ কেন গুলিবর্ষণ করেছিল?
ক. বাংলা ভাষার অধিকার দিতে খ. আন্দোলন দমন করার জন্য
গ. মিছিল ছত্রভঙ্গ করার জন্য ঘ. অন্যায়ভাবে মিছিল করায়
৩. ভাষা আন্দোলন হয়েছিল কত সালে?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৫২ সালে গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৭১ সালে
৪. রাষ্ট্রভাষা বাংলা আমরা অর্জন করেছি কিসের বিনিময়ে?
ক. রক্তের খ. চুক্তির গ. অর্থের ঘ. সমঝোতার
৫. মাতৃভাষা বলতে বুঝ?
ক. কথ্য ভাষা খ. মায়ের মুখের ভাষা গ. ভিনদেশি ভাষা ঘ. নিজস্ব লোক যে ভাষায় কথা বলে।
৫ নং প্রশ্নের উত্তর:
১. ঘ. ভাষা আন্দোলন ২. খ. আন্দোলন দমন করার জন্য ৩. খ. ১৯৫২ সালে
৪. ক. রক্তের ৫. খ. মায়ের মুখের ভাষা।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো: ১–৫ = ৫
শব্দ- শব্দার্থ
থমথমে - বিপদের ভয়ে নীরব অবস্থা
মিছিলে - শোভাযাত্রায়
টগবগ - গরম হয়ে ওঠা
বেপরোয়া - কোনো বাধা নিষেধ মানে না এমন
শহিদ - ন্যায়ের জন্য যাঁরা জীবন দেন
ক. গভীর রাতে চারিদিকে — ভাব বিরাজ করে।
খ. — জীবনযাপন ভালো নয়।
গ. — করে চায়ের পানি ফুটছে।
ঘ. ঢাকার রাজপথ — মিছিলে ভরে গেছে।
ঙ. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রায় ৩০ লাখ লোক — হন।
৬ নং প্রশ্নের উত্তর:
ক. থমথমে খ. বেপরোয়া গ. টগবগ ঘ. মিছিলে ঘ. শহিদ।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো: ১×৫ = ৫
ক. ২১শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে ফুল দিই কেন?
খ. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ঘটনাটি পাঁচটি বাক্যে উল্লেখ কর।
গ. পাঁচটি বাক্যে বাংলার সন্তানদের ১৪৪ ধারা ভঙ্গ করার ঘটনাটি বর্ণনা কর।
৭ নং প্রশ্নের উত্তর:
(ক)
মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগের দিন ২১শে ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে বাংলা মায়ের দামাল ছেলেরা এইদিন বুকের রক্ত দিয়েছিল। তাদের স্মৃতিকে স্মরণ করার উদ্দেশ্যেই আমরা শহিদ মিনারে ফুল দিই। শহিদ মিনারে ফুল দেয়ার মধ্য দিয়ে আমরা ভাষা শহিদদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জানাই।
(খ)
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখ। ভাষা আন্দোলনের মিছিল এগিয়ে যাচ্ছিল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর পুলিশ বাহিনী এই মিছিলে গুলিবর্ষণ করে। এতে শহিদ হয় রফিক, শফিক, বরকত, সালাম, জব্বারসহ বাংলামায়ের অনেক নাম না জানা দামাল ছেলে। বুকের রক্ত দিয়ে তারা সেদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে।
(গ)
বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। অথচ পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের উর্দুভাষা আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলার বীর সন্তানেরা তা মেনে নেয়নি। তারা এর তীব্র প্রতিবাদ করে। প্রস্তুতি নেয় আন্দোলনের। তখন শাসকগোষ্ঠী জারি করে ১৪৪ ধারা। বাংলা মায়ের দামাল ছেলেরা ১৪৪ ধারা ভঙ্গ করে ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে। মাতৃভাষা বাংলা ভাষাকে স্বীয় মর্যাদায় সুপ্রতিষ্ঠিত করার দাবিতে তারা ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন করেছিল।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা