পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক অনুচ্ছেদ
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ের ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নগুলো থাকবে তোমার পাঠ্যবইয়ের বাইরের অনুচ্ছেদ থেকে। এ প্রশ্নগুলো সম্পূর্ণ যোগ্যতাভিত্তিক। আজ তোমাদের জন্য দেওয়া হলো একটি নমুনা অনুচ্ছেদ ও প্রশ্নোত্তর।

# নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে নিচে পড়ছে। অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে কুণ্ডের আর কুণ্ড থেকে মাধবছড়া দিয়ে প্রবাহিত হচ্ছে স্রোতধারা। পাহাড়ের ওপর থেকে পাথরের ওপর দিয়ে ছুটে আসা পানির স্রোত দুভাগে বিভক্ত হয়ে হঠাত্ খাড়াভাবে উঁচু পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়। এতে দুটি ধারা সৃষ্টি হয়। বর্ষাকালে ধারা দুটি মিশে যায়। জলরাশি যেখানে পড়ছে তার চর্তুদিকে পাহাড়, নিচে কুণ্ড। কুণ্ডের ডান পাশে একটি গহ্বর বা গুহার সৃষ্টি হয়েছে। মূল জলপ্রপাতের বাম পাশে প্রায় ২০০ গজ দূরে পরিকুণ্ড নামের আরও একটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার থেকে এই মাধবকুণ্ড জলপ্রপাতের দূরত্ব ৭০ কিলোমিটার।
৫। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
১. মাধবকুণ্ড শব্দটির ‘ণ্ড’ যুক্তবর্ণটিতে আছে—
ক. ণ্+ড খ. ন্+ড গ. ন্+ ঢ ঘ. ণ্+ত
২. মাধবকুণ্ডের জলরাশি প্রবাহিত হচ্ছে—
ক. বড়লেখা দিয়ে খ. মাধবছড়া দিয়ে
গ.মৌলভীবাজার দিয়ে ঘ. সিলেট দিয়ে
৩. মৌলভীবাজার থেকে মাধবকুণ্ডের দূরত্ব কত কি.মি.?
ক. ৬০ কি.মি. খ. ৭০ কি.মি. গ. ১৬২ কি.মি. ঘ. ২০০ কি.মি.
৪. জলপ্রপাতের বিভক্ত হওয়া ধারা কোন ঋতুতে মিশে যায়?
ক. গ্রীষ্ম খ. বর্ষা গ. শরত্ ঘ. হেমন্ত
৫. মাধবকুণ্ড জলপ্রপাতটি কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম খ. কুমিল্লা গ. মৌলভীবাজার ঘ. হবিগঞ্জ।
৫ নম্বর প্রশ্নের উত্তর:
১. ক. ণ্+ড ২. খ. মাধবছড়া দিয়ে ৩. খ. ৭০ কি.মি. ৪. খ. বর্ষা
৫. গ. মৌলভীবাজার।
৬। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো:
শব্দ -শব্দার্থ
গা- দেহ, শরীর
গহ্বর -গর্ত
অবিরাম- বিরতিহীন
বারিধারা -বৃষ্টিপাত
প্রবাহিত- বয়ে যাওয়া
ক. ইঁদুর ছোট ছোট—তৈরি করে।
খ. রেলগাড়িটি— গতিতে চলছে।
গ. গরমকালে ঠাণ্ডা বাতাসে—জুড়িয়ে যায়।
ঘ. পদ্মা চাঁদপুরের পাশ দিয়ে— হয়েছে।
ঙ. আজ — অঝোর ধারায় ঝরছে।
৬ নম্বর প্রশ্নের উত্তর:
ক. গহ্বর খ. অবিরাম গ. গা ঘ. প্রবাহিত ঙ. বারিধারা।
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
ক. জলপ্রপাত বলতে কী বোঝ? পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম কী? বাংলাদেশের একমাত্র জলপ্রপাতের নাম কী এবং সেটি কোথায় অবস্থিত?
খ. মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
গ. ‘মাধবকুণ্ডের স্রোতধারা শান্তির বারিধারার মতো প্রবাহিত হয়েছে।’ পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো।
৭ নম্বর প্রশ্নের উত্তর:
(ক)
পাহাড়ের ওপর থেকে নিচে সমতল ভূমিতে বিশাল পরিধি নিয়ে জলের পতনকে জলপ্রপাত বলে। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত হলো নায়াগ্রা। আর বাংলাদেশের একমাত্র জলপ্রপাত হলো মাধবকুণ্ড। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত।
(খ)
মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হল:
১. মাধবকুণ্ড জলপ্রপাতটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত।
২. এটি বাংলাদেশের একমাত্র জলপ্রপাত।
৩. প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে জলপতনের মাধ্যমে এটি সৃষ্টি হয়েছে।
৪. এই জলপ্রপাতটির চারপাশ পাহাড় দিয়ে ঘেরা।
৫. মাধবকুণ্ড জলপ্রপাতের বাম পাশে পরিকুণ্ড নামে আরেকটি জলপ্রপাতের সৃষ্টি হয়েছে।
(গ)
প্রকৃতির এক অনিন্দ্যসুন্দর সৃষ্টি মাধবকুণ্ড ঝর্ণাধারা। এটি একটি জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতটির পানি প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে। এই জল প্রবাহিত হয়েছে মাধবছড়া এলাকা দিয়ে। আর প্রবাহকালে দুই তীরে প্রকৃতির তৃষ্ণাকে তৃপ্ত করেছে। তাই বলা হয়েছে মাধবকুণ্ডের জলধারা শান্তির ধারার মতো প্রবাহিত হয়েছে।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা