বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি চিঠির নমুনা দেওয়া হলো।

# মনে করো তোমার নাম শিপু/নিপা। তুমি রাজশাহী থাকো। অমিত/অনন্যা তোমার বন্ধু। সে ঢাকায় থাকে। এখন তোমার দেখা, পড়া কিংবা শোনা কোন প্রাকৃতিক জলধারা বা ঝর্ণার বর্ণনা দিয়ে অমিত/অনন্যার নিকট একটি চিঠি লেখো।

তারিখ: ২০/০৯/২০১৫
২ নং সাহেববাজার, রাজশাহী।

প্রিয় অমিত/অনন্যা,
প্রীতি ও শুভেচ্ছা নিও। গতকাল তোমার চিঠি পেয়েছি। কক্সবাজার বেড়াতে গিয়ে তুমি হিমছড়ি ঝর্ণা দেখে মুগ্ধ হয়েছ। জেনে খুব ভালো লাগলো। কিছুদিন আগে আমিও সিলেটে বেড়াতে গিয়েছিলাম। সেখানে একটি জলপ্রপাত দেখে এসেছি। এই জলপ্রপাতটির নাম মাধবকুণ্ড জলপ্রপাত। এটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। তুমি জেনে অবাক হবে যে, প্রায় ১৬২ ফুট উঁচু পাহাড়ের উপর থেকে, পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় শোঁ শোঁ শব্দে জলরাশি নিচে পড়ছে। জলরাশির অবিরাম পতনের ফলে নিচে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত। আর এই গর্ত থেকে উপচেপড়া পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে মাধবছড়া দিয়ে। এই প্রবাহমান স্রোতধারার সৌন্দর্য বলে বা লিখে বর্ণনা করা যাবে না। যদি সম্ভব হয় একবার মাধবকুণ্ড ঘুরে এসো। ভালো লাগবে।
আজ আর নয়। ভালো থেকো। চিঠির উত্তর দিও।

ইতি
তোমারই বন্ধু,
শিপু/নিপা।

# মনে করো তোমার নাম অপু/অধরা। তুমি ঢাকায় থাক। তোমার বন্ধু অন্তু/পিয়া। সে থাকে চট্টগ্রামে এখন, তুমি কোথাও পড়েছ কিংবা কারো কাছে শুনেছ এমন একটি আবিষ্কারের কাহিনীর কথা জানিয়ে তোমার বন্ধু অন্তু/পিয়ার কাছে একটি চিঠি লেখো।

তারিখ: ২০.০৯.২০১৫
১৪/৬ কমলাপুর, ঢাকা।

প্রিয় অন্তু/পিয়া,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। তুমি তো জানো গত ১৪.০৯.২০১৫ আমার জন্মদিন ছিল। জন্মদিনে আমার বাবা আমাকে একটি বই উপহার দিয়েছেন। বইটির নাম ‘আবিষ্কারের কথা’ সেখানে দারুন এক মজার আবিষ্কারের কাহিনী পড়লাম। এখন সে সম্পর্কে তোমাকে জানাচ্ছি।
আবিষ্কারের কাহিনীগুলোর মধ্যে আমাকে সবচেয়ে অবাক করেছে চুম্বক পাথর আবিষ্কারের কথা। এই পাথরটি সম্পর্কে আগে কারোরই কোনো কিছু জানা ছিল না। অনেককাল আগে এশিয়া মহাদেশের ম্যাগনেশিয়া নামের একটা জায়গায় মানুষ প্রথম এই পাথরটির সন্ধান পায়। সেই এলাকার লোকজন দেখল এই পাথরটির লোহার টুকরো টেনে ধরার চমত্কার ক্ষমতা রয়েছে। পাথরটির এ অদৃশ্য আকর্ষণ শক্তি দেখে মানুষ অবাক হলো। আর এভাবেই আবিষ্কৃত হলো চুম্বক পাথর। ম্যাগনেশিয়াতে এ পাথর পাওয়া গেছে বলে সে জায়গার নাম অনুসারে এই পাথরের নাম ম্যাগনেটাইট রাখা হয়েছে। আর সেই থেকেই এই পাথরের নাম চুম্বক পাথর বা ম্যাগনেট স্টোন। কী দারুন! তাই না?
আবিষ্কারের অন্য কোনো কাহিনী তোমার জানা থাকলে আমাকে জানিও। আজ আর নয়। ভালো থেকো।

ইতি
তোমারই বন্ধু,
অপু/অধরা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা