১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি চিঠির নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম রানি/রানা। তোমার বন্ধুর নাম মুনা/মুরাদ। বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাগান তৈরি করেছ। এখন এই বাগান সম্পর্কে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।
তারিখ: ২২.০৯.২০১৫
নিরালা, খুলনা
প্রিয় মুনা/মুরাদ,
শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছ। তুমি তো জানো, আমরা পঞ্চম শ্রেণির সব ছাত্রছাত্রী মিলে একটি বাগান তৈরি করেছি। আমরা সবাই ব্যক্তিগতভাবে বাগানের ফুলগাছ সংগ্রহ করেছি। এ বাগানে রয়েছে গোলাপ, বেলী, রজনীগন্ধা, গন্ধরাজ প্রভৃতি ফুলের গাছ। আরও আছে নানা জাতের সবজি। প্রতিদিন টিফিন পিরিয়ডে আমরা পালাক্রমে বাগানের গাছে পানি দিই। নিয়মিত আগাছা পরিষ্কার করি। বাগান পরিচর্যার মধ্য দিয়ে আমরা এক ভিন্ন রকম বিনোদন উপভোগ করে থাকি।
তোমার বাগানের খবর কী? জানিও। আজ আর নয়। ভালো থেকো। তোমার বাবা-মাকে সালাম দিয়ো।
ইতি
তোমার বন্ধু
রানি/রানা।
# মনে করো, তোমার নাম রিপন/সুমি। তোমার বন্ধু শিপন/রুমা মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে জানতে আগ্রহী। এখন তুমি বীরশ্রেষ্ঠদের সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো।
তারিখ: ২২.০৯.২০১৫
রাজ কলোনী
রাজাপুর, ঢাকা।
প্রিয় শিপন/রুমা,
প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। আজই তোমার চিঠি হাতে পেলাম। তুমি আমাদের বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে জানতে চেয়েছ। তাই লিখতে বসলাম।
১৯৭১ সালের ২৬ শে মার্চ আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। দেশের সাধারণ মানুষ এ যুদ্ধে অংশ নেয়। তখন সবারই একটি ভাবনা, কীভাবে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করবে। দেশকে শত্রুমুক্ত করবে। দেশকে শত্রুমুক্ত করতে এদেশের ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে। তাদের মধ্যে সাতজনের অবদান ছিল ব্যাপক। এ অবদানের জন্য তাঁদেরকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে। এই বীরশ্রেষ্ঠরা দেশকে স্বাধীন করতে রণক্ষেত্রে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তাঁদের অবদানের কথা আমরা চিরদিন স্মরণ করব।
আজ আর নয়।
ইতি
তোমার বন্ধু
রিপন/সুমি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা