বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নম্বর প্রশ্ন: চিঠি

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ দুটি চিঠির নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম মাহমুদ/মাহফুজা। আসমা/মাহফুজ তোমার ছোট ভাই/বোন। মানুষের জীবন গঠনে আদব-কায়দার আবশ্যকতা জানিয়ে তোমার ছোট ভাই/বোনকে একটি চিঠি লেখো।

তারিখ: ২৩.০৯.২০১৫

গোড়ান, ঢাকা।

প্রিয় মাহফুজ,

স্নেহ নিয়ো। আশা করি ভালো আছ। আজ তোমাকে এমন একটি বিষয়ের কথা বলার জন্য লিখছি, যা মানুষের জীবনের অমূল্য সম্পদ।

মানুষের জীবন গঠনের জন্য আদব-কায়দা খুবই প্রয়োজন। একজন ভদ্র মানুষ সমাজে সবার প্রিয় হতে পারে। সে হতে পারে ভক্তি ও ভালোবাসার পাত্র। একজন ভদ্র মানুষ সমাজে প্রত্যেকের সঙ্গে ভদ্র ও বিনয়ী ভাব নিয়ে জীবনযাপন করে। মানবজীবনকে সার্থক করতে হলে আদব-কায়দা জানা থাকা খুব জরুরি। তাই আশা করি তুমি আমার এ পত্র লেখার সঠিক মর্ম বুঝতে পেরেছ।

আজ আর নয়, তুমি ভালো থেকো ও ভালোভাবে লেখাপড়া কোরো।

ইতি

তোমার বড় ভাই/বোন

মাহমুদ/মাহফুজা।

# মনে করো, তোমার নাম নওশাদ/নীলা। তোমার বন্ধুর নাম আদিবা। তুমি ধামরাই প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ো। এখন বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো।

তারিখ: ২৩.০৯.২০১৫

ধামরাই প্রাথমিক বিদ্যালয়

ধামরাই।

প্রিয় আদিব/আদিবা,

শুভেচ্ছা নিও। আমাদের বিদ্যালয়ে এবারের স্বাধীনতা দিবস বেশ জাকজমকের সঙ্গে উদযাপিত হয়েছে। আজ সে সম্পর্কে তোমাকে লিখছি।

প্রতিবারের মতো এবারও শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রথমে আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। তারপর সেখান থেকে ফিরে বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনে অংশগ্রহণ করেছি। সেখানে কয়েকজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বের অনেক কাহিনি শুনিয়েছেন। যা আমাকে খুব মুগ্ধ ও বিস্মিত করেছে।

তোমার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কীভাবে উদযাপন করেছ জানাবে। আজ তাহলে রাখি। ভালো থেকো।

 ইতি,

তোমার বন্ধু

নওশাদ/নীলা।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা