১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ তিনটি চিঠির নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম মামুন/দিপা। তুমি ঢাকার ধানমন্ডিতে থাকো। দীপক/নীলা তোমার বন্ধু। এখন বন্ধুকে জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো।
তারিখ: ২৮.০৯.২০১৫
ধানমন্ডি, ঢাকা।
প্রিয় আতিক,
শুভেচ্ছা নিয়ো। আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার আমার জন্মদিন। জন্মদিনের এই আনন্দঘন অনুষ্ঠানে তোমার উপস্থিতি একান্ত কাম্য। তুমি না এলে খুব কষ্ট পাব। আসছ তো! তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিয়ো। ছোট ভাইবোনদের জন্য রইল আদর। ভালো থেকো।
ইতি,
তোমার বন্ধু
মামুন/দিপা।
# মনে করো, তোমার নাম তুহিন/তৃষা। সম্প্রতি তুমি সিলেট চা বাগানে বেড়াতে গিয়েছিলে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তোমার বন্ধু রিয়াদ/তিথিকে একটি চিঠি লেখো।
তারিখ: ২৮.০৯.২০১৫
মতিঝিল, ঢাকা।
প্রিয় রিয়াদ/তিথি,
শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছ। তুমি তো জানো আমার মামার বাড়ি সিলেট।
গত সপ্তাহে বাবা-মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। বিশেষ করে চা-বাগানগুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। সিলেট বেড়াতে গিয়ে বাংলাদেশকে আমার কাছে আরও সুন্দর আরও মনোরম মনে হয়েছে।
আজ আর নয়। তোমার বাবা-মাকে আমার সালাম দিয়ো।
ভালো থেকো। চিঠি লিখো।
ইতি,
তোমার বন্ধু
তুহিন/তৃষা।
# মনে করো, তোমার নাম সুমনা/রিপন। তোমার বাবা ঢাকায় চাকরি করেন। একটি রূপকথার বই চেয়ে তোমার বাবার কাছে পত্র লেখো।
তারিখ: ২৮.০৯.২০১৫
আশুলিয়া, ঢাকা।
শ্রদ্ধেয় বাবা,
আমার সালাম নেবেন। আশা করি ভালো আছেন। আপনি তো জানেন, রূপকথার বই আমার খুবই প্রিয়। কিন্তু ঠাকুরমার ঝুলি বইটি আমার পড়া হয়নি। আমার বন্ধুর মামা তাকে এটি কিনে দিয়েছেন। এ বইয়ে অনেক মজার মজার রূপকথার গল্প আছে। বইটি আমার খুব ভালো লেগেছে। এবার বাড়িতে আসার সময় বইটি আমার জন্য কিনে আনলে খুব খুশি হব।
আজ আর নয়। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
ইতি,
আপনার স্নেহের
সুমনা/রিপন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা