১৪ নম্বর প্রশ্ন: চিঠি
প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন থাকবে চিঠি বা আবেদনপত্র লেখার ওপর। মনে রেখো, এ প্রশ্নটি যোগ্যতাভিত্তিক। অনুশীলনের জন্য আজ তিনটি চিঠির নমুনা দেওয়া হলো।
# মনে করো, তোমার নাম সোহেলী/আদনান। তোমার বন্ধুর নাম শায়লা/নিলয়। এখন, তোমার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটির বর্ণনা দিয়ে বন্ধুকে একখানা পত্র লেখো।
তারিখ: ৩০.০৯.২০১৫
ফুলতলী, সাতক্ষীরা
প্রিয় শায়লা,
একটু আগে তোমার চিঠি পেলাম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদীটি সম্পর্কে তুমি জানতে চেয়েছ। আমি খুব খুশি হলাম তোমার এমন আগ্রহ দেখে।
আমাদের নদীটির নাম ধানসিঁড়ি। এটি ছোট একটি নদী, তবে খুব স্রোত। শীতকালে অল্প পানি থাকে। তখন আমরা সেখানে নেমে ডুবসাঁতার দিই। বর্ষাকালে এটি কানায় কানায় ভরে যায়। জেলেরা মাছ ধরেন। নদীটির কারণে আমাদের মাঠগুলো ফসলে ভরে যায়। শীতকালে এ নদীর তীরে অনেক ধরনের পাখি দেখা যায়। আমরা নদীটিকে খুব ভালোবাসি।
তোমার বাড়ির পাশের পাহাড়টির বর্ণনা দিয়ে চিঠি লিখো।
আজ তাহলে রাখি।
ইতি,
তোমার বন্ধু
সোহেলী/আদনান।
# মনে করো, তোমার নাম রাহাত/রাখি। তোমার বন্ধুর নাম রাফি। তোমার দেখা কোনো গ্রামের হাটের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।
তারিখ: ৩০.০৯.২০১৫
বেনুপুর, গাজীপুর।
প্রিয় রাফি/নিতু,
আশা করি ভালো আছ। আমি গতকাল মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে বেশ ভালো লেগেছে, অনেক আনন্দ করেছি। গ্রামের হাটে যাওয়ার দিনটা আমার কাছে একটু অন্যরকম আনন্দের দিন মনে হয়েছে। এখানে প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার হাট বসে। হাটে নানা রকম জিনিসপত্র ওঠে। গ্রামের মানুষ হাটে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে। গ্রামের হাট সত্যি একটা অন্যরকম বেচা-কেনার জায়গা।
আজ তাহলে রাখি। ভালো থেকো।
ইতি,
তোমার বন্ধু
রাহাত/রাখি।
# মনে করো, তুমি শাকিল/শিমুল। তুমি শিমুলতলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। কিছুদিন আগে তুমি নৌকাভ্রমণে গিয়েছ। নৌকা ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধু সুমন/সুজাতের কাছে একখানা চিঠি লেখো।
তারিখ: ৩০.০৯.২০১৫
শিমুলতলী, সাভার।
প্রিয় লিটন,
আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়ো। গত ৩০ আগস্ট আমরা পারিবারিকভাবে পদ্মা নদীতে নৌকাভ্রমণে গিয়েছিলাম। সে সম্পর্কে আজ তোমাকে লিখছি। পদ্মা বাংলাদেশের একটি বড় নদী। এ নদীতে রুপালি ইলিশ পাওয়া যায়। নৌকাভ্রমণের সময় আমরা একটি বড় জেলে নৌকা দেখলাম। জেলেরা ইলিশ ধরার জন্য জাল ফেলছেন। কিছুক্ষণ পর জাল তুললে অনেকগুলো চকচকে রুপালি ইলিশ দেখে আমি খুব আনন্দিত হলাম। এ দৃশ্য আমি কোনো দিন ভুলতে পারব না। সাক্ষাতে তোমাকে আরও আনন্দের কথা বলব। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও। দীপার জন্য রইল অনেক অনেক আদর।
ইতি,
তোমার বন্ধু
শাকিল/শিমুল।
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা